রংপুর প্রতিনিধি: রংপুরে এএসআই পিয়ারুল হত্যা মামলায় প্রধান আসামি পারভেজ রহমান পলাশকে মৃত্যুদণ্ড দিয়েছেন রংপুর আদালত।
সোমবার (১৩ এপ্রিল) দুপুরে রংপুরের অতিরিক্ত মহানগর দায়রা জজ বিচারক মার্জিয়া খাতুন এ রায় ঘোষণা করেন। এর আগে ২০২১ সালের ২৪ সেপ্টেম্বর রাতে কর্তব্যরত এএসআই পিয়ারুল তেলিপাড়া এলাকায় অভিযান চালিয়ে আসামি পলাশকে ১৫১ পিস ইয়াবা ও গাঁজাসহ আটক করেন। পরে আসামি পলাশ দৌড়ে পালানোর চেষ্টা করলে ধস্তাধস্তি অবস্থায় এসআই কে ছুরিকাঘাত করে পুনরায় পালানোর চেষ্টা করে। এ সময় এএসআই পিয়ারুলছুরিকাঘাতে রক্তক্ষরণ হলে সহকর্মীরা তাকে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যায়। পরদিন সকালে আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। নিহত এএসআই পিয়ারুল ইসলাম কুড়িগ্রামের রাজারহাট উপজেলার বিদ্যানন্দ ইউনিয়নের চন্দ্রপাড়া গ্রামের আবদুর রহমানের ছেলে। এ ঘটনায় থানার উপপরিদর্শক (এসআই) জিল্লুর রহমান বাদী হয়ে পৃথক দুটি মামলা করেন।
রাষ্ট্রপক্ষের আইনজীবী মাহামুদুল করিম লিটন বলেন, উপস্থাপিত সাক্ষ্য-প্রমাণে অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় আদালত আসামির বিরুদ্ধে মৃত্যুদণ্ডের রায় দিয়েছেন।
রিপোর্টার্স২৪/ফয়সাল