| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

টাঙ্গাইলে বৈশাখের আনন্দে যুক্ত হলো প্রধানমন্ত্রীর আগমন

reporter
  • আপডেট টাইম: এপ্রিল ১৩, ২০২৬ ইং | ১৮:১১:৩৩:অপরাহ্ন  |  ২৫৮৯২৭ বার পঠিত
টাঙ্গাইলে বৈশাখের আনন্দে যুক্ত হলো প্রধানমন্ত্রীর আগমন

কালিহাতী (টাঙ্গাইল) প্রতিনিধি: পহেলা বৈশাখের আনন্দের সঙ্গে এবার নতুন মাত্রা যোগ করেছে প্রধানমন্ত্রী তারেক রহমানের টাঙ্গাইল সফরের খবর। ফলে পুরো জেলাজুড়ে বিরাজ করছে উৎসবের আমেজ, যেন দ্বিগুণ আনন্দে ভাসছে টাঙ্গাইলবাসী।

সফরসূচি অনুযায়ী, মঙ্গলবার (১৪ এপ্রিল) টাঙ্গাইল সফরে যাবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সফরের শুরুতেই জননেতা মওলানা আবদুল হামিদ খান ভাসানীর মাজার জিয়ারত করবেন। এরপর শহীদ মারুফ স্টেডিয়ামে কৃষকদের মাঝে কৃষক কার্ড বিতরণের মাধ্যমে দেশব্যাপী কার্যক্রমের উদ্বোধন করবেন এবং কৃষক সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন।

পরে শহীদ স্মৃতি পৌর উদ্যানে কৃষিমেলার উদ্বোধন করার কথা রয়েছে। প্রধানমন্ত্রীর আগমনকে কেন্দ্র করে শহীদ মারুফ স্টেডিয়ামে বিশাল মঞ্চ ও প্যান্ডেল নির্মাণ প্রায় শেষ পর্যায়ে পৌঁছেছে। শহরের প্রধান সড়ক, কৃষিমেলা প্রাঙ্গণ ও গুরুত্বপূর্ণ এলাকাগুলোতে চলছে ব্যাপক সাজসজ্জা। পাশাপাশি হেলিকপ্টার অবতরণের জন্য প্রস্তুত করা হয়েছে দুটি হেলিপ্যাড, যদিও সড়কপথেই তাঁর আগমনের সম্ভাবনা বেশি বলে জানা গেছে।

সোমবার (১৩ এপ্রিল) সকাল ১১টার দিকে সমাবেশস্থল পরিদর্শন করেন কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ, টাঙ্গাইল সদর আসনের সংসদ সদস্য ও মৎস্য-প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু এবং যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক।

পরিদর্শন শেষে কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ বলেন, দেশের প্রায় ৭০ শতাংশ মানুষ কৃষির সঙ্গে জড়িত। কৃষকদের উন্নয়ন ছাড়া দেশের সার্বিক অর্থনৈতিক অগ্রগতি সম্ভব নয়। উৎপাদন থেকে বিপণন পর্যন্ত কৃষকদের ন্যায্য মূল্য ও অধিকার নিশ্চিত করতেই কৃষক কার্ড চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। তিনি আরও বলেন, পহেলা বৈশাখের দিনে এই কর্মসূচির উদ্বোধন হওয়ায় দিনটি দ্বিগুণ তাৎপর্যপূর্ণ হয়ে উঠেছে। একদিকে বাংলা নববর্ষ, অন্যদিকে দেশের প্রথম ‘কৃষক কার্ড’ কর্মসূচির সূচনা যা টাঙ্গাইলসহ সারা দেশের জন্য একটি ঐতিহাসিক মুহূর্ত।

মন্ত্রী জানান, প্রাথমিকভাবে টাঙ্গাইলসহ দেশের ১১টি স্থানে প্রি-পাইলটিং কার্যক্রম শুরু হবে। পরবর্তীতে তা পাইলটিং হয়ে ধাপে ধাপে সারা দেশে বিস্তৃত করা হবে। পুরো প্রকল্প বাস্তবায়নে প্রায় চার বছর সময় লাগতে পারে বলেও তিনি উল্লেখ করেন।

এ সময় উপস্থিত ছিলেন টাঙ্গাইল-২ (গোপালপুর-ভূঞাপুর) আসনের সংসদ সদস্য, বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক উপমন্ত্রী আব্দুস সালাম পিন্টু, কৃষি মন্ত্রণালয়ের সচিব রফিকুল ই মোহামেদ, জেলা প্রশাসক শরীফা হক, টাঙ্গাইল জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট এসএম ওবায়দুল হক নাসির এবং পুলিশ সুপার মোহাম্মদ শামসুল আলম সরকারসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।

প্রধানমন্ত্রীর সফরকে ঘিরে জেলার সর্বস্তরের মানুষ ব্যাপক উচ্ছ্বাস প্রকাশ করেছেন। দীর্ঘদিনের বিভিন্ন দাবিও আবার সামনে এনেছেন টাঙ্গাইলবাসী। এর মধ্যে রয়েছে পরিত্যক্ত এয়ারপোর্ট চালু, যমুনা নদীর ভাঙন রোধে স্থায়ী বেড়িবাঁধ নির্মাণসহ নানা উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন।

এদিকে বিএনপির নেতাকর্মীরাও তাদের প্রিয় নেতাকে বরণ করতে প্রস্তুত। জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক খন্দকার রাশেদুল আলম রাশেদ ও শফিকুর রহমান খান জানান, টাঙ্গাইলকে সিটি করপোরেশন হিসেবে উন্নীতকরণ, পরিত্যক্ত এয়ারপোর্ট চালু, যমুনা নদীতে স্থায়ী বেড়িবাঁধ নির্মাণ, ভাসানী হল পুনর্নির্মাণ এবং সরকারি সা’দত কলেজকে পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের দাবি জানানো হবে।

জেলা বিএনপির সভাপতি হাসানুজ্জামিল শাহীন বলেন, টাঙ্গাইলের প্রবেশদ্বার গোড়াই থেকে প্রধানমন্ত্রীকে বরণ করা হবে। তিনি জানান, টাঙ্গাইলবাসী অত্যন্ত আনন্দিত এবং জেলা একটি ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী হতে যাচ্ছে।

টাঙ্গাইল কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, সদর উপজেলার ঘারিন্দা ইউনিয়নের তিনটি ওয়ার্ডের মোট ১,৪৭০ জন কৃষক ‘কৃষক কার্ড’ পাচ্ছেন। এর মধ্যে ১০০ জন কৃষক সমাবেশস্থলে উপস্থিত থাকবেন এবং ১৫ জন কৃষকের হাতে প্রধানমন্ত্রী সরাসরি কার্ড তুলে দেবেন।

নিরাপত্তা ব্যবস্থায়ও নেওয়া হয়েছে সর্বোচ্চ প্রস্তুতি। পুলিশ সুপার মোহাম্মদ শামসুল আলম সরকার জানিয়েছেন, অনুষ্ঠানস্থল ও আশপাশের এলাকায় চার স্তরের নিশ্ছিদ্র নিরাপত্তা বলয় গড়ে তোলা হয়েছে। গোয়েন্দা নজরদারি জোরদারসহ বিভিন্ন ইউনিটের সমন্বয়ে শহরজুড়ে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

সব মিলিয়ে, বাংলা নববর্ষের প্রথম প্রভাতে প্রিয় নেতাকে বরণ করে নিতে প্রস্তুত পুরো টাঙ্গাইল উৎসব, প্রত্যাশা আর সম্ভাবনার এক অনন্য মিলনমেলায় পরিণত হয়েছে জেলা।

রিপোর্টার্স২৪/মিতু 

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪