কালিহাতী(টাঙ্গাইল)প্রতিনিধি: টাঙ্গাইলের কালিহাতী উপজেলার এম রহমান মেমোরিয়াল হাসপাতালে এক হৃদয়বিদারক ও চাঞ্চল্যকর চিকিৎসা অবহেলার অভিযোগ ঘিরে এলাকায় শোক, ক্ষোভ ও উত্তেজনার সৃষ্টি হয়েছে।
অভিযোগ উঠেছে, হাসপাতালের ডা. মিরুফা তাজনীন সুমির তত্ত্বাবধানে সিজারিয়ান অপারেশনের সময় চরম গাফিলতির ফলে রোগীর পেটে সার্জিক্যাল গজ রেখে সেলাই করা হয়।
জানা যায়, গত ১৮ মার্চ শিরিনা আক্তার (১৯) নামের এক অন্তঃসত্ত্বা নারী সন্তান জন্মদানের উদ্দেশ্যে ওই হাসপাতালে ভর্তি হন। যথাসময়ে তার সিজারিয়ান অপারেশন সম্পন্ন হয় এবং তিনি একটি কন্যাসন্তানের জন্ম দেন। কিন্তু আনন্দের সেই মুহূর্ত খুব দ্রুতই রূপ নেয় গভীর দুঃখ ও উদ্বেগে অপারেশনের পর থেকেই তার শারীরিক অবস্থার ক্রমাগত অবনতি ঘটতে থাকে।
পরবর্তীতে চিকিৎসা পরীক্ষায় রোগীর পেটে সার্জিক্যাল গজ রয়ে যাওয়ার বিষয়টি ধরা পড়ে বলে অভিযোগ ওঠে। এরপর আবারও তার ওপর অস্ত্রোপচার করা হয়। তবে অবস্থার আরও অবনতি হলে গত রাতে তাকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
নিহতের পরিবার অভিযোগ করে জানায়, অপারেশনের পর থেকেই রোগীর অবস্থার ধারাবাহিক অবনতি ঘটলেও হাসপাতাল কর্তৃপক্ষ ও সংশ্লিষ্ট চিকিৎসকের পক্ষ থেকে যথাযথ চিকিৎসা ব্যবস্থায় গাফিলতি ছিল।
এ ঘটনায় অভিযুক্ত চিকিৎসক ডা. সুমির বিরুদ্ধেও পূর্বে একাধিক গুরুতর অভিযোগ ছিল বলে স্থানীয়রা দাবি করছেন।
ঘটনার পর পুরো এলাকায় ব্যাপক উত্তেজনা ও জনরোষ সৃষ্টি হয়। ক্ষুব্ধ স্থানীয়দের একটি অংশ হাসপাতালটির কার্যক্রম বন্ধ করে দেয় এবং পরবর্তীতে কর্তৃপক্ষ হাসপাতালটি সিলগালা করেছে বলে জানা গেছে।
এদিকে, এ ঘটনার সুষ্ঠু, নিরপেক্ষ ও দ্রুত তদন্তের দাবি জানিয়েছেন এলাকাবাসী ও ভুক্তভোগী পরিবার। তারা দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের আহ্বান জানিয়েছেন, যাতে ভবিষ্যতে এমন মর্মান্তিক ঘটনার পুনরাবৃত্তি না ঘটে।
রিপোর্টার্স২৪/মিতু