বিনোদন ডেস্ক: দক্ষিণ ভারতীয় জনপ্রিয় অভিনেত্রী তৃষা কৃষ্ণান-এর চেন্নাইয়ের বাসভবনে বোমা হামলার হুমকি দেওয়া হয়েছে। সোমবার সকাল সাড়ে ৯টার দিকে তামিলনাড়ু পুলিশ-এর কন্ট্রোল রুমে একাধিক ইমেইল বার্তার মাধ্যমে এই হুমকি আসে।
ইমেইলগুলোতে দাবি করা হয়, অভিনেত্রীর বাসভবনে শক্তিশালী বিস্ফোরক রাখা হয়েছে এবং যেকোনো সময় তা বিস্ফোরিত হতে পারে। খবরটি ছড়িয়ে পড়ার পর তৃষার ভক্ত ও স্থানীয়দের মধ্যে চরম আতঙ্ক সৃষ্টি হয়।
পরিস্থিতি বিবেচনায় দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ ও বোমা নিষ্ক্রিয়কারী দল বোম ডিসপোজাল স্কোয়াড (বিডিডিএস)। সঙ্গে আনা হয় স্নিফার ডগ। এরপর কয়েক ঘণ্টা ধরে তৃষার চেন্নাইয়ের বাড়ি ও আশপাশ এলাকায় ব্যাপক তল্লাশি চালানো হয়।
তল্লাশি শেষে কোনো ধরনের সন্দেহজনক বস্তু বা বিস্ফোরক পাওয়া যায়নি। পরে কর্তৃপক্ষ নিশ্চিত করে যে এটি একটি ভুয়া হুমকি বা ‘হকস কল’ ছিল।
উল্লেখ্য, এর আগেও একই ধরনের ঘটনার শিকার হয়েছিলেন এই অভিনেত্রী। ২০২৫ সালের ২ অক্টোবরও তার বাসভবনে বোমা হামলার হুমকি দেওয়া হয়েছিল, তবে সেবারও তল্লাশিতে কিছু পাওয়া যায়নি।
বারবার একই ধরনের হুমকির ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে পুলিশ প্রশাসন। কে বা কারা এসব ইমেইল পাঠাচ্ছে তা শনাক্তে সাইবার ক্রাইম ইউনিট তদন্ত শুরু করেছে।
এদিকে হুমকির এই পরিস্থিতির মধ্যেও পেশাগত কাজে ব্যস্ত রয়েছেন তৃষা। মেগাস্টার চিরঞ্জীবী-এর বিপরীতে তিনি অভিনয় করছেন বড় বাজেটের ফ্যান্টাসি থ্রিলার চলচ্চিত্র বিশ্বম্ভরা-এ, যা নিয়ে ইতোমধ্যে দর্শকদের মধ্যে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে।
রিপোর্টার্স২৪/ঝুম