নড়াইল জেলা প্রতিনিধি: বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন উপলক্ষে নড়াইলে উৎসবমুখর পরিবেশে বর্ণাঢ্য বৈশাখী শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৪ এপ্রিল) সকালে জেলা প্রশাসনের আয়োজনে এবং বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের অংশগ্রহণে এ আয়োজন শহরজুড়ে প্রাণের সঞ্চার করে।
বর্ষবরণ উপলক্ষে সকাল ৭টার দিকে নড়াইল সরকারি ভিক্টোরিয়া কলেজের সুলতান মঞ্চ চত্বর থেকে রঙিন ব্যানার, ফেস্টুন ও ঐতিহ্যবাহী সাজসজ্জায় সজ্জিত হয়ে একটি বর্ণাঢ্য বৈশাখী শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে জেলা শিল্পকলা একাডেমি চত্বরে গিয়ে শেষ হয়। শোভাযাত্রায় পাঁচ শতাধিক মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ উৎসবকে আরও প্রাণবন্ত করে তোলে।
বর্ণাঢ্য বৈশাখী শোভাযাত্রায় জেলা প্রশাসক ড. আব্দুল ছালাম, জেলা পরিষদ প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মোস্তাফিজুর রহমান আলেক, অতিরিক্ত পুলিশ সুপার নূর-ই আলম সিদ্দিকী, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. আহসান মাহমুদ রাসেল, নড়াইল সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা রাহসিন কবিরসহ বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তাগণ, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
এছাড়া বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে লোকজ মেলা, সাংস্কৃতিক অনুষ্ঠান, আলোচনা সভা, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতাসহ বিভিন্ন বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
রিপোর্টার্স২৪/এসএন