| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

যশোরে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন শুরু

reporter
  • আপডেট টাইম: এপ্রিল ১৪, ২০২৬ ইং | ১৩:২৭:১৯:অপরাহ্ন  |  ১৯০৭০৮ বার পঠিত
যশোরে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন শুরু

বেনাপোল প্রতিনিধি: যশোরে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন শুরু হয়েছে। পহেলা বৈশাখ, মঙ্গলবার সকাল ৬টা ৩১ মিনিটে যশোর পৌর উদ্যানে উদীচীর বৈশাখী সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে নববর্ষের যাত্রা সূচিত হয়। সকাল সাড়ে ৮টায় টাউন হল ময়দান থেকে বের হয় বৈশাখী শোভাযাত্রা। রঙ-বেরঙের পোশাক পরে পশু-পাখির প্রতিকৃতি ও মুখোশ নিয়ে হাজারো মানুষ এ শোভাযাত্রায় অংশ নেন। শোভাযাত্রার আগে ও পরে সব বয়সী মানুষের ঢল নামে পৌর উদ্যানে। সেখানে উদীচীর সাংস্কৃতিক অনুষ্ঠানে নারী, পুরুষ ও শিশু মিলিত হন প্রাণের উৎসবে।

পহেলা বৈশাখে ঢাক-ঢোলের তালে, নানান রঙের ব্যানার, ফেস্টুন, মুখোশ, মুকুট ও বর্ণিল সাজপোশাকে পৌর উদ্যান পরিপূর্ণ হয়ে ওঠে। প্রাণের উচ্ছ্বাসে ভেসে সব বয়সী নারী, পুরুষ ও শিশু উৎসবমুখর পরিবেশে মিলেমিশে একাকার হয়ে যান। ‘নববর্ষের ঐকতান, গণতন্ত্রের পুনরুত্থান’—এ প্রতিপাদ্যে সার্বজনীন এ উৎসব উদযাপিত হচ্ছে যশোরে।

সকাল সাড়ে ৮টায় টাউন হল মাঠের রওশন আলী মঞ্চের বটমূল থেকে সমবেত জাতীয় সংগীতের মাধ্যমে প্রশাসনের আয়োজিত মূল অনুষ্ঠান শুরু হয়। এরপর ‘এসো হে বৈশাখ, এসো এসো’ গানের মধ্য দিয়ে বৈশাখী শোভাযাত্রার সূচনা হয়। শোভাযাত্রাটি টাউন হল মাঠ থেকে শুরু হয়ে জজ কোর্ট মোড়, দড়াটানা, চৌরাস্তা, জেল রোড, আদ-দ্বীন হাসপাতাল ও টিএন্ডটি অফিস সড়ক হয়ে আবার রওশন আলী বটমূলে এসে শেষ হয়। এরপর শিল্পকলা একাডেমির শিল্পীদের পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

শোভাযাত্রায় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মো. আশেক হাসান, পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম, জেলা পরিষদের প্রশাসক দেলোয়ার হোসেন খোকনসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ, বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ, শিল্পী ও সুশীল সমাজের প্রতিনিধিরা। অনুষ্ঠান পরিচালনা করেন জেলা শিশু বিষয়ক কর্মকর্তা সাধন দাস।

এদিকে, শোভাযাত্রা শেষে বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের উদ্যোগে অনুষ্ঠান অব্যাহত রয়েছে। উদীচী শিল্পীগোষ্ঠী যশোর জেলা সংসদের প্রভাতী অনুষ্ঠান পৌর পার্কে সকাল ৬টা ৩১ মিনিটে শুরু হয় এবং বিকেল ৪টা ১৫ মিনিটে বৈকালিক অনুষ্ঠান অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। পৌর পার্কে বৈশাখী অনুষ্ঠান আয়োজনের ৫০ বছর পূর্তি উপলক্ষে জমকালো আয়োজন করছে উদীচী।

নবকিশলয় স্কুলমাঠে সকালে বিবর্তন ও সুরধুনীর সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু হয়। মুসলিম একাডেমি স্কুল প্রাঙ্গণে পুনশ্চের প্রভাতী অনুষ্ঠান সকাল ৬টা ৩১ মিনিটে শুরু হয় এবং বিকেল ৫টা ৩১ মিনিটে বৈকালিক অনুষ্ঠান হওয়ার কথা রয়েছে। টাউন হল মাঠের রওশন আলী বটমূলে বিকেল সাড়ে ৪টায় সুরবিতানের অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। দিনব্যাপী বিভিন্ন সংগঠনের আয়োজনে চলছে নানান ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠান।

রিপোর্টার্স২৪/এসএন

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪