| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

শিবগঞ্জে কৃষকদের হাতে তুলে দেওয়া হলো কৃষক কার্ড

reporter
  • আপডেট টাইম: এপ্রিল ১৪, ২০২৬ ইং | ১৬:০৪:৫১:অপরাহ্ন  |  ২৭৬২৭৫ বার পঠিত
শিবগঞ্জে কৃষকদের হাতে তুলে দেওয়া হলো কৃষক কার্ড

বগুড়া প্রতিনিধি: বগুড়ার শিবগঞ্জে তিন হাজারের বেশি কৃষকের হাতে কৃষক কার্ড ও গাছের চারা বিতরণ করা হয়েছে। সরকারের কৃষকবান্ধব উদ্যোগের অংশ হিসেবে এই কর্মসূচির আওতায় প্রথম ধাপে ৩১৪৭ জন কৃষক ও কৃষাণীর মধ্যে কৃষক কার্ড প্রদান করা হয়।

মঙ্গলবার (১৪ এপ্রিল) দুপুরে শিবগঞ্জ উপজেলার উথলী উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত অনুষ্ঠানে ভার্চুয়ালি প্রধান অতিথি হিসেবে যুক্ত হয়ে কর্মসূচির উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। স্থানীয় প্রশাসন, জনপ্রতিনিধি ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের উপস্থিতিতে কৃষকদের মাঝে কার্ড বিতরণ করা হয়।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষামন্ত্রী ড. আ. ন. ম. এহছানুল হক মিলন এমপি। বক্তব্যে তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান কথার চেয়ে কাজে বিশ্বাসী। নির্বাচনের সময় কৃষকদের উন্নয়নে যে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল, কৃষক কার্ড বিতরণ তারই বাস্তব প্রতিফলন। তিনি আরও বলেন, কৃষকদের উন্নয়ন ও কৃষি উৎপাদন বৃদ্ধিতে সরকার ধারাবাহিকভাবে কাজ করে যাচ্ছে। কৃষক কার্ডের মাধ্যমে প্রণোদনা, ভর্তুকি ও প্রয়োজনীয় সহায়তা সরাসরি কৃষকদের কাছে পৌঁছে যাবে।

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপির সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী মো. আব্দুল বারী। বক্তারা বলেন, কৃষকদের আর্থিক ও প্রাতিষ্ঠানিক সহায়তা নিশ্চিত করতে সরকার নানা উদ্যোগ গ্রহণ করেছে এবং কৃষক কার্ড সেই উদ্যোগের গুরুত্বপূর্ণ অংশ।

অনুষ্ঠান শেষে অতিথিরা বিভিন্ন কৃষি ও উন্নয়ন বিষয়ক স্টল পরিদর্শন করেন। এ সময় কৃষকদের সঙ্গে কথা বলেন এবং তাদের মতামত ও প্রয়োজনীয়তা সম্পর্কে অবগত হন।

জানা গেছে, শিবগঞ্জ পৌরসভার তিনটি ওয়ার্ডে মোট ৩ হাজার ৫১৬ জন কৃষককে কৃষক কার্ডের জন্য বাছাই করা হয়েছিল। এর মধ্যে প্রথম ধাপে ভূমিহীন, প্রান্তিক ও ক্ষুদ্র কৃষকদের মধ্যে ৩১৪৭ জনকে কার্ড বিতরণ করা হয়। পাশাপাশি প্রত্যেক কৃষকের অ্যাকাউন্টে ২ হাজার ৫০০ টাকা করে প্রণোদনা দেওয়া হয়েছে।

কৃষক কার্ডের মাধ্যমে কৃষকরা ন্যায্যমূল্যে সার, বীজ ও অন্যান্য কৃষি উপকরণ সংগ্রহের পাশাপাশি বিভিন্ন সরকারি সুবিধা সহজে পাবেন বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন। এছাড়া পরিবেশ সুরক্ষা ও সবুজায়নের লক্ষ্যে প্রতিটি কৃষকের হাতে একটি করে গাছের চারা তুলে দেওয়া হয়।

সরকারের এই উদ্যোগ কৃষকদের উৎপাদন সক্ষমতা বৃদ্ধি এবং কৃষি খাতে টেকসই উন্নয়ন নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেছেন সংশ্লিষ্টরা।

রিপোর্টার্স২৪/এসএন

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪