রাঙ্গামাটি প্রতিনিধি: রাঙ্গামাটিতে বৌদ্ধ ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় কেন্দ্র রাজবন বিহারে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন করা হয়েছে। মঙ্গলবার (১৪ এপ্রিল) দিনব্যাপী নানা ধর্মীয় আচার-অনুষ্ঠান, দান ও প্রার্থনার মধ্য দিয়ে এ আয়োজন সম্পন্ন হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ান বলেন, সমাজে শান্তি, সম্প্রীতি ও মানবকল্যাণ প্রতিষ্ঠায় ধর্মীয় মূল্যবোধ অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি বলেন, সকলের সহযোগিতা, পরামর্শ ও সমর্থনের মাধ্যমে এ ধরনের মহতী আয়োজন সফলভাবে সম্পন্ন করা সম্ভব।
এদিন রাজবন বিহার প্রাঙ্গণে বাংলা নববর্ষ উপলক্ষে বুদ্ধমূর্তি দান, সংঘদান, অষ্টপরিষ্কার দান, হাজার প্রদীপ প্রজ্বালন, বিশ্বশান্তি প্যাগোডার জন্য অর্থদান, পরিত্রাণ সূত্র শ্রবণ এবং ভিক্ষুসংঘকে শ্রদ্ধা নিবেদনের মতো বিভিন্ন ধর্মীয় কর্মসূচি পালিত হয়। অনুষ্ঠানে বৌদ্ধ ধর্মীয় নেতৃবৃন্দের সম্মাননায় স্মারকও প্রদান করা হয়।
মন্ত্রী আরও বলেন, ধর্মীয় প্রতিষ্ঠানগুলো সমাজে নৈতিকতা, শান্তি ও সম্প্রীতি প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এসব কার্যক্রম এগিয়ে নিতে সরকারের পাশাপাশি সমাজের সকল শ্রেণি-পেশার মানুষের সম্মিলিত উদ্যোগ প্রয়োজন।
তিনি বলেন, পার্বত্য চট্টগ্রামের বিভিন্ন সম্প্রদায়ের এই উৎসবগুলোর মূল বার্তা হলো শান্তি ও সহাবস্থান। প্রতিটি সম্প্রদায়ের নিজস্ব কৃষ্টি ও সংস্কৃতি দেশের জাতীয় ঐতিহ্যের অবিচ্ছেদ্য অংশ, যা সংরক্ষণ ও বিকাশে সরকার কাজ করে যাচ্ছে।
অনুষ্ঠানে ভিক্ষুসংঘের জ্যেষ্ঠ ধর্মীয় নেতৃবৃন্দ, উপাসক-উপাসিকা, দায়ক-দায়িকা এবং প্রিন্ট ও ইলেকট্রনিক গণমাধ্যমের সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
শেষে বিশ্বশান্তি ও সকল প্রাণীর মঙ্গল কামনায় বিশেষ প্রার্থনা করা হয়।
রিপোর্টার্স২৪/এসএন