| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

রাঙ্গামাটিতে বর্ণাঢ্য শোভাযাত্রা ও লোকজ মেলায় নববর্ষ বরণ

reporter
  • আপডেট টাইম: এপ্রিল ১৪, ২০২৬ ইং | ১১:৩৭:১৩:পূর্বাহ্ন  |  ৯৪৬০৬৬ বার পঠিত
রাঙ্গামাটিতে বর্ণাঢ্য শোভাযাত্রা ও লোকজ মেলায় নববর্ষ বরণ

রাঙ্গামাটি প্রতিনিধি: নানা বর্ণ, সংস্কৃতি ও ঐতিহ্যের মিলনমেলায় বাংলা নববর্ষকে বরণ করে নিতে উৎসবের নগরীতে পরিণত হয়েছে রাঙ্গামাটি। জেলা প্রশাসনের উদ্যোগে বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা ও লোকজ মেলার মধ্য দিয়ে উদযাপিত হয়েছে বাংলা নববর্ষ ১৪৩৩।

মঙ্গলবার (১৪ এপ্রিল) সকালে রাঙ্গামাটি পৌরসভা মাঠ প্রাঙ্গণ থেকে শোভাযাত্রার উদ্বোধন করা হয়। রঙিন পোশাক, ঢাক-ঢোল, নৃত্য এবং বৈচিত্র্যময় প্ল্যাকার্ডে সজ্জিত শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে রাঙ্গামাটি জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে শেষ হয়। এতে সরকারি-বেসরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, শিক্ষার্থী, শিক্ষকসহ নানা শ্রেণি-পেশার মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।

জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট নাজমা আশরাফী-এর সভাপতিত্বে আয়োজিত এ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মুহাম্মদ আব্দুর রকিব, পিপিএম। এছাড়াও অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ রুহুল আমিন, রাজনৈতিক ও সামাজিক অঙ্গনের ব্যক্তিবর্গ অনুষ্ঠানে অংশ নেন।

শোভাযাত্রা শেষে জেলা প্রশাসকের কার্যালয় সংলগ্ন শহীদ এম. আব্দুল আলী মঞ্চে নববর্ষ উপলক্ষে আয়োজিত লোকজ মেলার উদ্বোধন করা হয়। মেলায় পার্বত্য অঞ্চলের ঐতিহ্যবাহী হস্তশিল্প, লোকজ সংস্কৃতি এবং ক্ষুদ্র নৃগোষ্ঠীর জীবনধারার নানা দিক তুলে ধরা হয়, যা দর্শনার্থীদের মধ্যে ব্যাপক আগ্রহ সৃষ্টি করে।

জেলা প্রশাসক নাজমা আশরাফী বলেন, নববর্ষ কেবল একটি উৎসব নয়; এটি আমাদের সংস্কৃতি, ঐতিহ্য ও সম্প্রীতির বন্ধনকে আরও দৃঢ় করার একটি গুরুত্বপূর্ণ উপলক্ষ।

দিনব্যাপী আয়োজনে বিভিন্ন প্রতিযোগিতা, পুরস্কার বিতরণ এবং সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। মঞ্চে পরিবেশিত হয় মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা, যা দর্শকদের আনন্দ দেয়।

সব মিলিয়ে বর্ণাঢ্য আয়োজন, শোভাযাত্রা ও লোকজ মেলার মধ্য দিয়ে রাঙ্গামাটিতে বাংলা নববর্ষ উদযাপন রূপ নেয় এক আনন্দঘন সম্প্রীতির মিলনমেলায়।


রিপোর্টার্স২৪/এসএন

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪