বেনাপোল প্রতিনিধি: যশোর জেলার শার্শা উপজেলা প্রশাসনের উদ্যোগে আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে পহেলা বৈশাখ তথা বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপিত হয়েছে। এ উপলক্ষে মঙ্গলবার (১৪ এপ্রিল) সকালে বর্ণাঢ্য একটি বৈশাখী শোভাযাত্রা বের করা হয়।
সকালে শার্শা সরকারি পাইলট মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণ থেকে বর্ণিল সাজে শোভাযাত্রাটি শুরু হয়। উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে শোভাযাত্রাটি উপজেলা চত্বরে এসে শেষ হয়। এতে গ্রামবাংলার ঐতিহ্যবাহী বিভিন্ন মুখোশ, ফেস্টুন ও প্ল্যাকার্ড প্রদর্শন করা হয়।
শোভাযাত্রায় নেতৃত্ব দেন শার্শা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ফজলে ওয়াহিদ। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. নিয়াজ মাখদুম।
অনুষ্ঠানে রাজনৈতিক ব্যক্তিবর্গের মধ্যে উপস্থিত ছিলেন শার্শা উপজেলা বিএনপির সভাপতি মো. হাসান জহিরসহ বিএনপি ও এর অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। এছাড়াও বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিরা স্বতঃস্ফূর্তভাবে আয়োজনে অংশ নেন।
শোভাযাত্রা শেষে দিনব্যাপী কর্মসূচির অংশ হিসেবে লোকজ মেলার আয়োজন করা হয়, যেখানে গ্রামীণ ঐতিহ্যের বিভিন্ন পণ্যের পসরা সাজানো হয়। পাশাপাশি স্থানীয় শিল্পীদের অংশগ্রহণে সাংস্কৃতিক অনুষ্ঠানে নাচ-গানের মাধ্যমে বাঙালির ঐতিহ্য তুলে ধরা হয়। কোমলমতি শিক্ষার্থীদের অংশগ্রহণে রচনা প্রতিযোগিতারও আয়োজন করা হয়, যেখানে নববর্ষের গুরুত্ব তুলে ধরা হয়।
উপজেলা নির্বাহী অফিসার ফজলে ওয়াহিদ শার্শাবাসীকে নববর্ষের শুভেচ্ছা জানিয়ে বলেন, “বাংলা নববর্ষ আমাদের আত্মপরিচয়ের উৎসব। সব ভেদাভেদ ভুলে নতুনের আহ্বানে ঐক্যবদ্ধ হয়ে একটি সমৃদ্ধ দেশ গড়তে এই উৎসব আমাদের প্রেরণা জোগাবে।”
সব মিলিয়ে যথাযথ মর্যাদা ও উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে শার্শায় নতুন বছর ১৪৩৩-কে বরণ করা হয়েছে।
রিপোর্টার্স২৪/এসএন