ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি: বর্ণাঢ্য বৈশাখী শোভাযাত্রা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও বৈশাখী মেলার মধ্য দিয়ে ফরিদপুরের ভাঙ্গায় বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন করা হয়েছে। ভাঙ্গা উপজেলা প্রশাসনের উদ্যোগে মঙ্গলবার সকাল ৯টায় উপজেলা প্রশাসন চত্বর থেকে শোভাযাত্রা বের করা হয়। ‘এসো হে বৈশাখ এসো এসো’ গানের মধ্য দিয়ে নতুন বছরকে বরণ করা হয়।
শুভ নববর্ষ উপলক্ষে ভাঙ্গা মহিলা কলেজে সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য শহিদুল ইসলাম খান বাবুল।
ভাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ আবু জাহেরের নেতৃত্বে আয়োজিত শোভাযাত্রায় ভাঙ্গা সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয়, কে এম বিশ্ববিদ্যালয় কলেজ, কাজী শামসুন্নেছা পাইলট উচ্চ বালিকা বিদ্যালয়, বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীসহ নানা সামাজিক সংগঠনের সদস্যরা অংশগ্রহণ করেন। শোভাযাত্রাটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা চত্বরে এসে লোকজ মেলায় মিলিত হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সাদরুল আলম সিয়াম, কৃষি কর্মকর্তা মোল্লা আল মামুন, শিক্ষা কর্মকর্তা জাহাঙ্গীর হোসেন, মহিলা বিষয়ক কর্মকর্তা ইলা রানী কুন্ড এবং একাডেমিক সুপারভাইজার প্রহ্লাদ বিশ্বাসসহ অন্যান্যরা।
উপজেলা চত্বরে আয়োজিত মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে শিল্পকলা একাডেমির শিল্পীরা সঙ্গীত পরিবেশন করেন। এছাড়া উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ আবু জাহের বৈশাখ বরণের গান পরিবেশন করেন।
সবশেষে বাঙালির ঐতিহ্যবাহী এ উৎসব উপলক্ষে আয়োজিত সকল কর্মসূচির মধ্য দিয়ে ভাঙ্গায় বাংলা নববর্ষ উদযাপন সম্পন্ন হয়।
রিপোর্টার্স২৪/এসএন