| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

হালুয়াঘাটে বর্ণিল আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন

reporter
  • আপডেট টাইম: এপ্রিল ১৪, ২০২৬ ইং | ১৯:৪৩:৫৪:অপরাহ্ন  |  ২৫৪০১৪ বার পঠিত
হালুয়াঘাটে বর্ণিল আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন

হালুয়াঘাট (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলায় বর্ণাঢ্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হয়েছে বাংলা নববর্ষ ১৪৩৩। বাঙালির হাজার বছরের ঐতিহ্য ও সংস্কৃতির অন্যতম প্রধান উৎসব পহেলা বৈশাখ উপলক্ষে পুরো উপজেলাজুড়ে ছড়িয়ে পড়ে উৎসবের আমেজ।

মঙ্গলবার (১৪ এপ্রিল) সকাল ৯টায় হালুয়াঘাট কেন্দ্রীয় শহীদ মিনারে জাতীয় সংগীত পরিবেশন এবং ‘এসো হে বৈশাখ’ গানের মাধ্যমে দিনব্যাপী কর্মসূচির শুভ সূচনা হয়। পরে ‘নববর্ষের ঐকতান, গণতন্ত্রের পুনরুত্থান’ প্রতিপাদ্যকে সামনে রেখে বর্ণাঢ্য বৈশাখী শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শহীদ মিনার প্রাঙ্গণ থেকে শুরু হয়ে উপজেলা পরিষদ চত্বরে গিয়ে শেষ হয়। এতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী, সাংস্কৃতিক সংগঠন এবং ক্ষুদ্র নৃগোষ্ঠীর সদস্যরা অংশগ্রহণ করেন।

সকাল ৯টা ২০ মিনিটে লোকজ মেলার উদ্বোধন করা হয়, যেখানে গ্রামীণ ঐতিহ্যের নানা সামগ্রী ও খাবারের সমাহার ছিল। সকাল ১০টায় অতিথিদের আপ্যায়নের ব্যবস্থা করা হয় এবং বেলা ১১টায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়। স্থানীয় শিল্পীদের সংগীত, নৃত্য ও নাট্য পরিবেশনা অনুষ্ঠানে ভিন্ন মাত্রা যোগ করে।

এছাড়াও উপজেলার সকল শিক্ষা প্রতিষ্ঠানে নিজস্ব ব্যবস্থাপনায় নববর্ষ উদযাপন করা হয়। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও এতিমখানাগুলোতে খৈ, মুড়ি, মুড়কি ও বাতাসা বিতরণ করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ-১ (হালুয়াঘাট-ধোবাউড়া) আসনের সংসদ সদস্য মোহাম্মদ সালমান ওমর (রুবেল)। সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার ফয়সাল আহমেদ। এ সময় সহকারী কমিশনার (ভূমি) জান্নাত, হালুয়াঘাট থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ ফেরদৌস আলমসহ স্থানীয় জনপ্রতিনিধি, সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তা, শিক্ষক-শিক্ষার্থী ও সাংস্কৃতিক সংগঠনের সদস্যরা উপস্থিত ছিলেন।

উপজেলা প্রশাসনের সার্বিক তত্ত্বাবধানে আয়োজিত এ কর্মসূচি সফলভাবে সম্পন্ন হয়। সর্বস্তরের মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে আয়োজনটি হয়ে ওঠে প্রাণবন্ত ও আনন্দমুখর। নববর্ষের এই আয়োজন হালুয়াঘাটবাসীর মাঝে সম্প্রীতি, ঐক্য ও সাংস্কৃতিক চেতনার বার্তা ছড়িয়ে দেয়। নতুন বছরের এই শুভক্ষণে সকলের জন্য সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করা হয়।

রিপোর্টার্স২৪/এসএন

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪