ফরিদপুর প্রতিনিধি: বাংলা নববর্ষ ১৪৩৩ বরণ উপলক্ষে ফরিদপুরে জেলা প্রশাসনের উদ্যোগে বর্ণাঢ্য শোভাযাত্রা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৪ এপ্রিল) সকাল সাড়ে আটটায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে ঐতিহাসিক অম্বিকা ময়দানে গিয়ে শেষ হয়।
শোভাযাত্রায় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান মোল্যা, পুলিশ সুপার মো. নজরুল ইসলাম, জেলা পরিষদের প্রশাসক আফজাল হোসেন খান পলাশ, জেলা বিএনপির আহ্বায়ক মোদারেছ আলী ইছাসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিরা।
পরে সেখানে আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ করা হয়।
এর আগে সকালে শহরের স্বাধীনতা চত্বরে ফরিদপুর সাহিত্য ও সংস্কৃতি উন্নয়ন সংস্থার উদ্যোগে বর্ষবরণ ও বৈশাখী মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান মোল্যা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংস্থার আহ্বায়ক অ্যাডভোকেট তৌহিদুল ইসলাম স্ট্যালিন।
সকাল ১০টার দিকে ফরিদপুর প্রেসক্লাবের উদ্যোগে বর্ষবরণ ও ফলাহারের আয়োজন করা হয়। এছাড়া বিকেলে ফরিদপুর সাহিত্য পরিষদের নিজস্ব কার্যালয়ে বর্ষবরণ ও গুণীজন সংবর্ধনা সভার আয়োজন করা হয়েছে।
রিপোর্টার্স২৪/এসএন