| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

শেরপুরে বৈশাখী শোভাযাত্রা ও ৩ দিনব্যাপী লোকজ মেলার উদ্বোধন

reporter
  • আপডেট টাইম: এপ্রিল ১৫, ২০২৬ ইং | ০১:৫৩:২৬:পূর্বাহ্ন  |  ৮৪১৬৫ বার পঠিত
শেরপুরে বৈশাখী শোভাযাত্রা ও ৩ দিনব্যাপী লোকজ মেলার উদ্বোধন

শেরপুর প্রতিনিধি: বাংলা নববর্ষ-১৪৩৩ উপলক্ষে শেরপুরে জেলা প্রশাসনের উদ্যোগে বৈশাখী শোভাযাত্রা ও তিন দিনব্যাপী লোকজ মেলার উদ্বোধন করা হয়েছে।

মঙ্গলবার (১৪ এপ্রিল) সকালে জেলা প্রশাসনের কার্যালয়ের সামনে থেকে বৈশাখী শোভাযাত্রাটি বের করা হয়। শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে শেষ হয়। এতে সরকারি-বেসরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষার্থী, শিক্ষক, সাংস্কৃতিক কর্মীসহ নানা শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

পরে ডিসি উদ্যানে জেলা প্রশাসন ও বিসিকের উদ্যোগে আয়োজিত তিন দিনব্যাপী লোকজ মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক তরফদার মাহমুদুর রহমান। উদ্বোধনী অনুষ্ঠানে পুলিশ সুপার মো. কামরুল ইসলাম, জেলা পরিষদের প্রশাসক এবিএম মামুনুর রশীদ পলাশ, পৌর প্রশাসক আরিফা সিদ্দিকা, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা দীপঙ্কর রায়, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শাকিল আহমেদ, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মো. মিজানুর রহমান ভুঁঞা, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহবুবা হক, শেরপুর প্রেসক্লাবের সভাপতি কাকন রেজা, কার্যকরী সভাপতি রফিক মজিদ, বিএনপি নেতা আব্দুল আওয়াল চৌধুরীসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, শিক্ষক-শিক্ষার্থী ও সাংস্কৃতিক সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।

জেলা প্রশাসনের সূত্র জানায়, লোকজ মেলাটি প্রতিদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত চলবে। উদ্বোধনী দিনে বিকেলে মেলা চত্বরের বিজয় মঞ্চে বৈশাখী সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এতে জেলা শিশু একাডেমী ও জেলা শিল্পকলা একাডেমীর শিল্পীরা কবিতা, ছড়া, গান ও নৃত্য পরিবেশন করবেন।

মেলায় আবহমান বাংলার লোকজ পণ্য, হস্তশিল্প, বাঁশ ও মাটির তৈরি জিনিসপত্র, লোকজ শিল্পকর্ম, শো-পিস এবং নানা ধরনের মুখরোচক খাবারের প্রায় ৪০টি স্টল বসেছে। উদ্বোধনের পর থেকেই শিশু-তরুণসহ বিভিন্ন বয়সী মানুষের ভিড়ে মেলা চত্বর মুখর হয়ে ওঠে।

এছাড়া জেলার বিভিন্ন উপজেলা, শিক্ষা প্রতিষ্ঠান ও সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের উদ্যোগে পহেলা বৈশাখ ও বর্ষবরণ উপলক্ষে নানা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। জেলার বিভিন্ন হাট-বাজার ও স্কুল মাঠেও বসেছে লোকজ ও গ্রামীণ বৈশাখী মেলা।

রিপোর্টার্স২৪/বাবি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪