| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

নারায়ণগঞ্জ কারাগারে বৈশাখী মেলা ও সাংস্কৃতিক আয়োজন

reporter
  • আপডেট টাইম: এপ্রিল ১৫, ২০২৬ ইং | ০৯:০৪:২৪:পূর্বাহ্ন  |  ৮৩১৩৮ বার পঠিত
নারায়ণগঞ্জ কারাগারে বৈশাখী মেলা ও সাংস্কৃতিক আয়োজন

নারায়ণগঞ্জ প্রতিনিধি: পহেলা বৈশাখ উপলক্ষে নারায়ণগঞ্জ জেলা কারাগারে অনুষ্ঠিত হয়েছে বর্ণাঢ্য বৈশাখী মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। মঙ্গলবার (১৪ এপ্রিল) কারা কর্তৃপক্ষের আয়োজনে কঠোর নিরাপত্তার মধ্যেও দিনটি উৎসবমুখর পরিবেশে উদযাপন করা হয়।

কারাগারের ভেতরে আয়োজিত মেলায় বন্দিদের তৈরি হস্তশিল্প ও নিত্যপ্রয়োজনীয় নানা পণ্য ছিল প্রধান আকর্ষণ। স্টলগুলোতে বন্দিদের সৃজনশীলতার বহুমাত্রিক প্রকাশ দেখা যায়। বিশেষভাবে নজর কাড়ে ঐতিহ্যবাহী জামদানি শাড়ি।

এছাড়া মেলায় দেশীয় পিঠা, বিলুপ্তপ্রায় মিষ্টি, ফুচকা, চা ও কফির স্টল বসে। কারা কর্মকর্তা-কর্মচারী ও তাদের পরিবারের সদস্যদের জন্য রাখা হয় পান্তা-ইলিশের বিশেষ আয়োজন, যা বৈশাখী ঐতিহ্যকে তুলে ধরে।

জেল সুপার ফোরকান ওয়াহিদ জানান, বন্দিদের অংশগ্রহণে সাংস্কৃতিক অনুষ্ঠান ও দেশীয় খেলাধুলার আয়োজন করা হয়। গান, খেলাধুলা ও অন্যান্য আয়োজনে অংশ নিয়ে বন্দিরা কিছু সময়ের জন্য কারাবন্দি জীবনের একঘেয়েমি ভুলে থাকতে পেরেছেন।

জেলার ফেরদৌস মিয়া জানান, বৈশাখ উপলক্ষে বন্দিদের জন্য বিশেষ খাবারের ব্যবস্থা করা হয়। সকালে পান্তা-ইলিশ, আলু ভর্তা, কাঁচা পেঁয়াজ ও মরিচ, দুপুরে পোলাও, মুরগির রোস্ট, ডিম, কোমল পানীয়, মিষ্টি ও পান-সুপারি এবং রাতে ভাত, আলুর দম ও রুই মাছ ভাজা পরিবেশন করা হয়।

এ আয়োজন পরিদর্শন করেন কারা মহাপরিদর্শক ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ মো. মোতাহের হোসেন। তিনি বলেন, এ ধরনের অনুষ্ঠান বন্দিদের মানসিক প্রশান্তি দেয় এবং সমাজে পুনর্বাসনে ইতিবাচক ভূমিকা রাখে।

পরে তিনি কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগার পরিদর্শন করে বন্দিদের সার্বিক পরিস্থিতি ঘুরে দেখেন এবং কারা কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে নববর্ষের শুভেচ্ছা বিনিময় করেন।

রিপোর্টার্স২৪/বাবি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪