টাঙ্গাইল প্রতিনিধি: টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার গোড়াই ইউনিয়নের দক্ষিণ সীমান্তে কলিমাজানি বাজার সংলগ্ন লৌহজং নদীর ওপর নির্মাণাধীন সেতুর কাজ পাঁচ বছরেও শেষ হয়নি। দেড় বছরে কাজ শেষ হওয়ার কথা থাকলেও দীর্ঘসূত্রতায় প্রকল্পটি এখন এলাকাবাসীর ভোগান্তির কারণ হয়ে দাঁড়িয়েছে।
২০২১ সালে প্রায় ৯ কোটি টাকা ব্যয়ে ৯২ মিটার দৈর্ঘ্য ও ৯.৮ মিটার প্রস্থের সেতুটির নির্মাণকাজ শুরু হয়। ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স সালাম এন্টারপ্রাইজ কাজের দায়িত্ব পায়। তবে কিছু কাজের পর নির্মাণসামগ্রীর মূল্যবৃদ্ধি ও অন্যান্য অজুহাতে কাজ দীর্ঘদিন বন্ধ থাকে।
বর্তমানে সেতুর গার্ডার স্থাপন ও দুই পাশে অ্যাপ্রোচ সড়ক নির্মাণ অসমাপ্ত থাকায় চলাচলের উপযোগী হয়নি। এতে গোড়াই, বহুরিয়া ও ভাওড়া ইউনিয়নসহ পার্শ্ববর্তী ধামরাই ও কালিয়াকৈর উপজেলার হাজারো মানুষকে প্রতিদিন চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। বর্ষাকালে খেয়া নৌকা এবং শুকনো মৌসুমে ঝুঁকিপূর্ণ বাঁশের সাঁকো ব্যবহার করতে হচ্ছে স্থানীয়দের।
স্থানীয় বাসিন্দারা জানান, দীর্ঘদিনের দাবির পর সেতুর কাজ শুরু হলেও তা শেষ না হওয়ায় মানুষের ভোগান্তি আরও বেড়েছে। দ্রুত নির্মাণকাজ শেষ করার দাবি জানিয়েছেন তারা।
গোড়াই ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. কামরুজ্জামান বলেন, ঠিকাদারের গাফিলতির কারণে কাজ শেষ হচ্ছে না। এতে তিন ইউনিয়নের মানুষের কষ্ট বাড়ছে।
উপজেলা প্রকৌশলী (এলজিইডি) মো. মনিরুল সাজ রিজন জানান, অর্থসংকট ও নির্মাণসামগ্রীর মূল্যবৃদ্ধির কারণে কাজ কিছুদিন বন্ধ ছিল। অতিরিক্ত বরাদ্দের জন্য আবেদন করা হয়েছে এবং বর্তমানে কাজ পুনরায় শুরু হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে কাজ শেষ না হলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি জানান।