হালুয়াঘাট (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলায় বর্ণাঢ্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হয়েছে বাংলা নববর্ষ ১৪৩৩। পহেলা বৈশাখ উপলক্ষে পুরো উপজেলাজুড়ে ছড়িয়ে পড়ে উৎসবের আমেজ।
মঙ্গলবার (১৪ এপ্রিল) সকাল ৯টায় কেন্দ্রীয় শহিদ মিনারে জাতীয় সংগীত পরিবেশন ও ‘এসো হে বৈশাখ’ গানের মধ্য দিয়ে কর্মসূচির সূচনা হয়। পরে ‘নববর্ষের ঐকতান, গণতন্ত্রের পুনরুত্থান’ প্রতিপাদ্যে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়, যা শহিদ মিনার থেকে শুরু হয়ে উপজেলা পরিষদ চত্বরে গিয়ে শেষ হয়। এতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী, সাংস্কৃতিক সংগঠন ও ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সদস্যরা অংশ নেন।
সকাল ৯টা ২০ মিনিটে লোকজ মেলার উদ্বোধন করা হয়। মেলায় গ্রামীণ ঐতিহ্যের নানা পণ্য, হস্তশিল্প ও দেশীয় খাবারের সমাহার দেখা যায়। বেলা ১১টায় অনুষ্ঠিত সাংস্কৃতিক অনুষ্ঠানে স্থানীয় শিল্পীরা গান, নৃত্য ও নাট্য পরিবেশন করেন।
এছাড়া উপজেলার শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে পৃথকভাবে নববর্ষ উদযাপন করা হয়। স্বাস্থ্য কমপ্লেক্স ও এতিমখানায় খৈ, মুড়ি, মুড়কি ও বাতাসা বিতরণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য মোহাম্মদ সালমান ওমর (রুবেল)। সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ফয়সাল আহমেদ। এ সময় স্থানীয় প্রশাসন, জনপ্রতিনিধি ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
উপজেলা প্রশাসনের তত্ত্বাবধানে আয়োজিত এ কর্মসূচি সর্বস্তরের মানুষের অংশগ্রহণে প্রাণবন্ত হয়ে ওঠে এবং সম্প্রীতি ও সাংস্কৃতিক চেতনার বার্তা ছড়িয়ে দেয়।