ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহে কর্মরত সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা করেছেন নবযোগদানকৃত জেলা প্রশাসক মো. নোমান হোসেন। বুধবার (১৫ এপ্রিল) বিকাল ৩টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক রথীন্দ্রনাথ রায়, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ সাইফুর রহমান, ঝিনাইদহ প্রেসক্লাবের সভাপতি আসিফ ইকবাল মাখন, সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম লিটন, জেলা প্রেসক্লাবের সভাপতি মো. মিজানুর রহমান, ঝিনাইদহ টেলিভিশন সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক রাজিব হাসান, রিপোর্টার্স ইউনিটির সভাপতি এমএ কবির সবুজ এবং বাংলা টিভির পরিচালক সুলতান আল এনামসহ বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকবৃন্দ।
সভায় জেলায় কর্মরত সাংবাদিকরা ঝিনাইদহের সমসাময়িক বিভিন্ন বিষয় তুলে ধরেন এবং সংশ্লিষ্ট সমস্যার প্রতি জেলা প্রশাসকের দৃষ্টি আকর্ষণ করেন। এ সময় জেলা প্রশাসক জানান, উত্থাপিত বিষয়গুলো গুরুত্বের সঙ্গে বিবেচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
জেলা প্রশাসক মো. নোমান হোসেন বলেন, “আমি মাদকের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছি। আপনারা মাদক সম্পর্কিত তথ্য দিয়ে প্রশাসনকে সহযোগিতা করবেন বলে আশা করছি।” তিনি আরও বলেন, সাংবাদিকদের সঙ্গে সমন্বয় রেখে জেলার উন্নয়ন ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নে কাজ করা হবে।
রিপোর্টার্স২৪/ এসএন