নারায়ণগঞ্জ প্রতিনিধি: বাংলা নববর্ষকে ঘিরে নারায়ণগঞ্জের বছর ঘুরে আবারও শুরু হলো পাঁচশ বছরের প্রাচীন ঐতিহ্যবাহী ‘বউ মেলা’। এ মেলা পহেলা বৈশাখে থেকে শুরু হয়ে ৩ দিনব্যাপী আয়োজন হবে ।
‘বউ মেলা’ প্রথমে নামটি শুনে মনে হতে পারে বউ ক্রয় বিক্রয় হাট বসেছে হয়ত কিন্তু না, বাংলা নববর্ষকে ঘিরে সোনারগাঁ উপজেলায় ঐতিহ্যবাহী বটগাছকে কেন্দ্র করে অনুষ্ঠিত হয় এই মেলা। রঙিন শাড়িতে আর ফুলেল সাজে নববধূ থেকে শুরু করে বয়োজ্যেষ্ঠ নারীরা অংশ নেয়ায় স্থানীয়রা নাম দিয়েছে ‘বউ মেলা’। অনেকের কাছে ‘সিদ্ধেশ্বরী বটতলার বউমেলা’ নামেও পরিচিত।
স্থানীয়দের বিশ্বাস, এই বটবৃক্ষ ‘সিদ্ধেশ্বরী দেবী’ হিসেবে পূজা হয়। প্রতিবছর এখানে পূজা দিলে সংসারে সুখ-শান্তি আসে এবং পরিবারের মঙ্গল সাধিত হয়। সেই বিশ্বাসে নারীরা মানত করে বটগাছের সঙ্গে কড়ি বেঁধে প্রার্থনা করেন।
মেলায় গ্রামীণ ঐতিহ্যের নানা উপকরণের সমাহারও দেখা যায়। মৃৎশিল্পীদের তৈরি টেপা পুতুল, প্রাণীর আকৃতির খেলনা, হাঁড়ি-পাতিলসহ নানা সামগ্রী দর্শনার্থীদের আকৃষ্ট করছে। পাশাপাশি বাঁশ, কাঠ ও লৌহশিল্পের তৈরি পণ্য এবং বাহারি মিষ্টান্ন ও মন্ডা-মিঠাইয়ের দোকান মেলায় যোগ করেছে বাড়তি আকর্ষণ।
মেলায় আগত নারীরা জানান, পারিবারিকভাবে এই মেলার গুরুত্ব তারা ছোটোবেলা থেকেই জেনে আসছেন। তাদের বিশ্বাস, এই আয়োজন জীবনে শান্তি ও সমৃদ্ধি বয়ে আনে।
পুরোহিত উৎপল ভট্টাচার্য বলেন, বহু বছর ধরে এই মেলা পালিত হচ্ছে। দুপুরে মূল পূজা শুরু হলেও দিনভর চলে ভক্তদের আনাগোনা।
আয়োজক কমিটির কর্মকর্তা নিলোৎপল রায় জানান, নববর্ষ উপলক্ষে এখানে সিদ্ধেশ্বরী কালীপূজার আয়োজন করা হয়, যা সম্পূর্ণ সার্বজনীনভাবে উদযাপিত হয়।
রিপোর্টার্স২৪/ফয়সাল