চট্টগ্রাম প্রতিনিধি: চট্টগ্রাম জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে নিষিদ্ধঘোষিত ছাত্রলীগ ও যুবলীগের নেতা–কর্মীদের মানববন্ধনের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। ঘটনাটি ঘিরে আলোচনা-সমালোচনা শুরু হয়েছে।
বুধবার (১৫ এপ্রিল) ফেসবুকে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, ভোরবেলা সরকারি কার্যক্রম শুরু হওয়ার আগেই ব্যানার ও প্ল্যাকার্ড হাতে একটি মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। এতে অংশগ্রহণকারীরা বাংলাদেশ আওয়ামী লীগের ওপর আরোপিত নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবি জানান।
ভিডিওটি শেয়ার করেন নগর ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম সামদানি জনি, যিনি বর্তমানে নিজেকে যুবলীগের নেতা হিসেবে পরিচয় দেন। তিনি গণমাধ্যমকে জানান, সকাল সাড়ে ৭টা থেকে ৮টার মধ্যে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, নগরের কোতোয়ালি থানার আওতাধীন কোর্ট হিল এলাকায় অবস্থিত জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। ওই এলাকায় জেলা প্রশাসক ও বিভাগীয় কমিশনারের কার্যালয়, জেলা ও দায়রা জজ আদালতসহ গুরুত্বপূর্ণ সরকারি স্থাপনা রয়েছে।
তবে ঘটনাটি ঠিক কখন সংঘটিত হয়েছে, তা এখনো নিশ্চিত করতে পারেনি পুলিশ। কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আফতাব উদ্দিন বলেন, বিষয়টি যাচাই-বাছাই করা হচ্ছে এবং তদন্তাধীন রয়েছে।
এদিকে, সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত ছবি ও ভিডিওতে কর্মসূচির ব্যানারে গোলাম সামদানি জনির নাম দেখা যায়। নিজের ফেসবুক পোস্টে তিনি দাবি করেন, ছাত্রলীগের সভাপতি শেখ ফজলে শামস পরশ এবং সাধারণ সম্পাদক মোঃ মইনুল হোসেন খান নিখিলের নির্দেশনায় এ কর্মসূচি আয়োজন করা হয়েছে।
রিপোর্টার্স২৪/এসসি