শরীয়তপুর প্রতিনিধি: সরকারি চাল পরিবহন নিয়ে বিতর্কের জেরে শরীয়তপুর সদর উপজেলার আংগারিয়া খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহনেওয়াজ আলমকে বদলি করা হয়েছে। তাকে মুন্সীগঞ্জে কারিগরি খাদ্য পরিদর্শক হিসেবে বদলির নির্দেশ দিয়েছে আঞ্চলিক খাদ্য নিয়ন্ত্রকের কার্যালয়।
বুধবার (১৫ এপ্রিল) আঞ্চলিক খাদ্য নিয়ন্ত্রক সুরাইয়া খাতুন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ আদেশ জারি করা হয়।
স্থানীয় সূত্র জানায়, সোমবার দুপুরে আংগারিয়া খাদ্য গুদাম থেকে একটি ট্রাকে করে সরকারি সিলযুক্ত প্রায় ৪০০ বস্তা চাল কোটাপাড়া এলাকায় নেওয়া হচ্ছিল। এ সময় ট্রাকটি পালং মডেল থানা সংলগ্ন সড়কে পৌঁছালে স্থানীয়রা অভিযোগ তুলে সেটি আটক করে, তাদের দাবি—চালগুলো কালোবাজারে বিক্রির উদ্দেশ্যে সরানো হচ্ছিল।
পরে পুলিশ ট্রাকসহ চাল থানার সামনে নিয়ে গেলেও রাত সাড়ে ১০টার দিকে আবার চাল সরানোর চেষ্টা হলে চৌরঙ্গী এলাকায় স্থানীয়রা পুনরায় ট্রাকটি আটকে দেয়। মধ্যরাতে চালগুলো গুদামে ফেরত নেওয়ার চেষ্টা করলে গুদাম কর্মকর্তা শাহনেওয়াজ আলমও স্থানীয়দের বাধার মুখে পড়েন। পরে চালগুলো জেলা খাদ্যগুদামে পাঠানো হয়।
ঘটনার পর গুদাম কর্মকর্তার ভূমিকা নিয়ে প্রশ্ন ওঠে। এ প্রেক্ষিতে মঙ্গলবার জেলা খাদ্য নিয়ন্ত্রক (ভারপ্রাপ্ত) হুমায়ুন কবির তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেন। কমিটির সদস্যরা হলেন—গোসাইরহাট উপজেলা খাদ্য নিয়ন্ত্রক তারিকুল ইসলাম, জাজিরা উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মোহাম্মদ রাশেদ উজ্জামান এবং কারিগরি খাদ্য পরিদর্শক মুহাম্মদ বেলায়েত হোসেন।
বিষয়টি নিয়ে গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর প্রশাসনের ভেতরেও আলোচনা শুরু হয়। জেলা খাদ্য নিয়ন্ত্রক (ভারপ্রাপ্ত) হুমায়ুন কবির বলেন, প্রশাসনিক কারণে তাকে বদলি করা হয়েছে। তদন্ত শেষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।