জামালপুর প্রতিনিধি: জামালপুরের ইসলামপুরে উপজেলা প্রশাসন আয়োজিত ”উদ্ভাবননির্ভর বাংলাদেশ গঠনে বিজ্ঞান ও প্রযুক্তি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে ৪৭ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং বিজ্ঞান মেলা-২০২৬ এর আয়োজন করা হয়। বিজ্ঞান ও প্রযুক্তি মেলা শুরুর পর পরই শেষ করা হয়েছে। যেখান অধিকাংশ স্টল খালি দেখা গেছে। এতে সরকারি টাকা অপচয় হয়েছে বলে মনে করছেন স্থানীয় সচেতন মহল।
গত বৃহস্পতিবার (১৬ এপ্রিল) ইসলামপুর উপজেলা পরিষদ কম্পাউন্ডে দিনব্যাপী এই মেলার আয়োজন করে উপজেলা প্রশাসন। যেখানে ১৪টি স্টল স্থাপন করা হলেও মাত্র ৪ থেকে ৫টি প্রতিষ্ঠান দায়সারা ভাবে মেলায় অংশ গ্রহণ করেছে। মেলা শুরুর দুই ঘন্টা যেতে না যেতেই দুপুর গড়ার আগেই মেলার ইতি টেনে পুরস্কার বিতরণ করেন ইউএনও নাজমুল হুসাইন। এসময় উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আরিফা আক্তার ও সহকারী শিক্ষা অফিসার মোঃ মফিজুল হক মামুন।
এলাকাবাসী জানান, মেলায় ১৪টি স্টল স্থাপন করা হলেও অংশ নিয়েছে মাত্র ৪ থেকে ৫ টি প্রতিষ্ঠান। কিন্তু ৩০টি পুরস্কার দেওয়া হয়েছে। এ নিয়ে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
এব্যাপারে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় থেকে জানানো হয়, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস থেকে যে তালিকা দেওয়া হয়েছে সেই তালিকা মোতাবেক পুরস্কার দেওয়া হয়েছে।
এবিষয়ে ইসলামপুর উপজেলা সহকারী মাধ্যমিক শিক্ষা অফিসার মো: মফিজুল হক মামুন বলেন, নানা কারণে প্রোগ্রামটি এমন হয়েছে। মেলার স্থায়িত্ব নিয়ে এক প্রশ্নের উত্তরে তিনি বলেন, ৫টি প্রতিষ্ঠান মেলায় অংশ নিয়ে ছিলো। তাই স্বল্প সময়ের মধ্যে সমাপ্ত করে, পুরস্কার বিতরণ করা হয়েছে।
তবে তিনি জানান, এই বিষয় গুলো একাডেমিক সুপারভাইজার ও শিক্ষা অফিসার দেখেন। একাডেমিক সুপারভাইজার মামুন-অর-রশীদ এর সাথে মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, এ বিষয়ে আমি কিছুই জানিনা।
এ ব্যাপারে তিনি মাধ্যমিক শিক্ষা অফিসার আরিফা আক্তারের সাথে যোগাযোগ করতে বলেন। তবে উপজেলা মাধ্যমিক অফিসে গিয়ে মাধ্যমিক শিক্ষা অফিসার আরিফা আক্তারের সাথে যোগাযোগের চেষ্টা করে তাকে পাওয়া যায়নি।
স্থানীয় আশরাফুল ইসলাম নামে এক ব্যক্তি বলেন, সরকারি টাকা ব্যয় করে বিজ্ঞান ও প্রযুক্তি মেলার নামে কথিত নাটক করেছে উপজেলা প্রশাসন। যেখানে সরকারি টাকা অপচয় করা হয়েছে বলে অভিযোগ তার।
এব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) নাজমুল হুসাইনের সাথে যোগাযোগের চেষ্টা করা হলে তার অফিস থেকে জানানো হয় স্যার একটি গুরুত্বপূর্ণ মিটিংয়ে আছেন।
রিপোর্টার্স২৪/মিতু