| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

নারায়ণগঞ্জে সাড়ে ৩ লাখ শিশু টিকার আওতায়

reporter
  • আপডেট টাইম: এপ্রিল ১৬, ২০২৬ ইং | ১৬:৩৮:২৪:অপরাহ্ন  |  ২৫৪৯৩৪ বার পঠিত
নারায়ণগঞ্জে সাড়ে ৩ লাখ শিশু টিকার আওতায়

নারায়ণগঞ্জ প্রতিনিধি: নারায়ণগঞ্জে আসন্ন হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইনে প্রায় সাড়ে তিন লাখ শিশুকে টিকা প্রদানের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে বলে জানিয়েছেন জেলা সিভিল সার্জন ডা. আবুল ফজল মুহম্মদ মুশিউর রহমান।

বৃহস্পতিবার (১৬ এপ্রিল) সকালে সিভিল সার্জন কার্যালয়ের কনফারেন্স রুমে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন-২০২৬ উপলক্ষে আয়োজিত প্রস্তুতিমূলক সভায় তিনি এ তথ্য জানান।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মো. রায়হান কবির। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিবার পরিকল্পনা কার্যালয়ের উপপরিচালক মো. শহিদুল ইসলাম।

সভায় সভাপতির বক্তব্যে সিভিল সার্জন বলেন, আগামী ২০ এপ্রিল থেকে সারাদেশের মতো নারায়ণগঞ্জেও একযোগে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন শুরু হবে। এই বিশেষ কর্মসূচির অংশ হিসেবে জেলা পর্যায়ে প্রস্তুতি ও সমন্বয় জোরদারে এডভোকেসি সভা অনুষ্ঠিত হয়েছে।

তিনি আরও বলেন, “এই কর্মসূচির আওতায় ছয় মাস থেকে পাঁচ বছর বয়সী সব শিশুকে টিকা দেওয়া হবে। বাড়ি বাড়ি গিয়ে, কমিউনিটি পর্যায়ে এবং নির্ধারিত টিকাকেন্দ্রে এ কার্যক্রম পরিচালিত হবে।” টিকাদান কার্যক্রম সফল করতে ইসলামিক ফাউন্ডেশন ও তথ্য অফিসের সহায়তা কামনা করা হয়েছে বলেও জানান তিনি।

সিভিল সার্জন বলেন, জেলা পরিষদের আওতাভুক্ত এলাকায় ১২ দিন এবং সিটি করপোরেশন এলাকায় ১৪ দিনের মধ্যে লক্ষ্যমাত্রা অনুযায়ী টিকাদান সম্পন্ন করার পরিকল্পনা নেওয়া হয়েছে।

এদিকে, টিকাদান কার্যক্রমে শৃঙ্খলা বজায় রাখতে জেলা প্রশাসন ও জেলা পুলিশের পক্ষ থেকে সর্বোচ্চ সহযোগিতার আশ্বাস দেওয়া হয়েছে। সভায় জেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, স্বাস্থ্য বিভাগের সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ এবং মাঠপর্যায়ের স্বাস্থ্যকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, এই কর্মসূচির মাধ্যমে শিশুদের হাম ও রুবেলা রোগ থেকে সুরক্ষা নিশ্চিত করতে ব্যাপক টিকাদান কার্যক্রম পরিচালনা করা হবে।

রিপোর্টার্স২৪/মিতু 

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪