জামালপুর প্রতিনিধি: মেয়েকে পরিবার কম ভালোবাসে—এমন অভিমান ও মানসিক হতাশাকে পুঁজি করে অষ্টম শ্রেণির এক শিক্ষার্থীর পরিবারের কাছ থেকে বিপুল অর্থ ও স্বর্ণালংকার হাতিয়ে নেওয়া প্রতারক চক্রের মূল হোতাসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।
বৃহস্পতিবার (১৬ এপ্রিল) দুপুরে জামালপুর পিবিআই কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান পিবিআইয়ের পুলিশ সুপার পংকজ দত্ত। পিবিআই সূত্রে জানা যায়, ভুক্তভোগী শিক্ষার্থী লুবাবা (১২) শেরপুর সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্রী। তার বাবা শেরপুর শহরের মাধবপুর এলাকার একজন বস্ত্র ব্যবসায়ী।
পরিবারে অবহেলার শিকার হচ্ছেন—এমন ধারণা থেকে লুবাবা সামাজিক যোগাযোগমাধ্যমে বেশি সময় কাটাতে শুরু করে। একপর্যায়ে টিকটকে ‘খোরশেদ কবিরাজ’ নামে এক তান্ত্রিকের সঙ্গে তার পরিচয় হয়। পরে ওই প্রতারক ও তার সহযোগীরা ‘আল্লাহর দান’সহ বিভিন্ন নামে ইমো অ্যাকাউন্ট ব্যবহার করে কিশোরীর সঙ্গে যোগাযোগ গড়ে তোলে এবং তার সব সমস্যা সমাধানের আশ্বাস দেয়।
প্রতারক চক্রটি গত ৬ থেকে ৯ মার্চের মধ্যে তান্ত্রিকের ফি, জায়নামাজ, আগরবাতি ও বিভিন্ন ফল কেনার কথা বলে ধাপে ধাপে কিশোরীর কাছ থেকে ২ লাখ ৪৩ হাজার টাকা হাতিয়ে নেয়। পরে আরও বড় সমস্যা সমাধানের কথা বলে কৌশলে তার মা-বাবার প্রায় সাড়ে ২৭ ভরি স্বর্ণালংকার ও নগদ এক লাখ টাকা নেয়।
পরবর্তীতে কিশোরী আবারও টাকা পাঠাতে গেলে বিকাশ এজেন্টের সন্দেহ হয়। বিষয়টি তার বাবাকে জানানো হলে পুরো ঘটনা প্রকাশ পায়। এ ঘটনায় শেরপুর সদর থানায় একটি মামলা দায়ের করা হয়।
মামলার তদন্তভার পেয়ে পিবিআই তথ্যপ্রযুক্তির সহায়তায় গত ৯ এপ্রিল গাজীপুরের শ্রীপুর এলাকা থেকে মুছা মিয়া ও রফিকুল ইসলাম নামে দুই সহযোগীকে গ্রেপ্তার করে। তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে ময়মনসিংহের মাসকান্দা এলাকা থেকে প্রতারক চক্রের মূল হোতা মনির হোসেনকে (২১) গ্রেপ্তার করা হয়।
পরে মনিরের দেওয়া তথ্য অনুযায়ী তার বাড়ির পাশের বাগানে মাটির নিচে পুঁতে রাখা ২৫ ভরি ৯ আনা স্বর্ণালংকার উদ্ধার করা হয়। এ সময় একটি দামি আইফোনসহ পাঁচটি মোবাইল ফোন জব্দ করা হয়েছে। উদ্ধারকৃত মালামালের আনুমানিক বাজারমূল্য প্রায় ৬৪ লাখ টাকা।
পিবিআইয়ের পুলিশ সুপার পংকজ দত্ত বলেন, “অভিমানী কিশোরীর সরলতার সুযোগ নিয়ে প্রতারক চক্রটি বড় ধরনের প্রতারণা করেছে। আমাদের একাধিক টিম কাজ করে মূল হোতাসহ তিনজনকে গ্রেপ্তার এবং আত্মসাৎ করা স্বর্ণালংকার উদ্ধার করতে সক্ষম হয়েছে।”
তিনি আরও জানান, গ্রেপ্তার ব্যক্তিদের আদালতে পাঠানো হয়েছে।
রিপোর্টার্স২৪/এসএন