| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

যুক্তরাষ্ট্রে বাংলাদেশের ‘রাক্ষস’

reporter
  • আপডেট টাইম: এপ্রিল ১৭, ২০২৬ ইং | ১৭:৫৬:৪৮:অপরাহ্ন  |  ৪৯৫ বার পঠিত
যুক্তরাষ্ট্রে বাংলাদেশের ‘রাক্ষস’

স্টাফ রিপোর্টার: ঈদের অন্যতম আলোচিত সিনেমা ‘রাক্ষস’। মেহেদি হাসান হৃদয় পরিচালিত রোমান্টিক থ্রিলার সিনেমাটি মুক্তির পর থেকেই দর্শক ও বোদ্ধাদের প্রশংসা কুড়িয়েছেন। ‘বরবাদ’ নির্মাতার এবারের সিনেমাটি দেশের সীমানা ছাড়িয়ে মুক্তি পেয়েছে যুক্তরাষ্ট্রে। আন্তর্জাতিক পরিবেশক হিসেবে রয়েছে গ্যালাক্সি মিডিয়া।

শুক্রবার (১৭ এপ্রিল) যুক্তরাষ্ট্রে মুক্তি পাওয়া এ সিনেমাটি উত্তর আমেরিকার ৯টি শহরে চলবে।এ উপলক্ষে নিউ ইয়র্কের একটি পার্টি হলে প্রেস কনফারেন্সের আয়োজন করা হয়।

যেখানে উপস্থিত ছিলেন প্রবাসী সাংবাদিক ও কমিউনিটির নেতৃবৃন্দ। 

গ্যালাক্সি মিডিয়ার কর্ণধার বদরুদ্দোজা সাগর বলেন, আমরা সবসময়ই ভিন্নধর্মী ও শক্তিশালী গল্পের বাংলা সিনেমা দর্শকের কাছে পৌঁছে দিতে চাই। ‘রাক্ষস’ এমন একটি চলচ্চিত্র, যা শুধু বিনোদনই দেবে না- দর্শকদের নাড়িয়ে দেবে ভেতর থেকে। উত্তর আমেরিকার প্রেক্ষাগৃহে এটি হবে একটি স্মরণীয় অভিজ্ঞতা।

সিনেমাটির প্রধান চরিত্রে অভিনয় করেছেন সিয়াম আহমেদ, যিনি ‘রাক্ষস’ চরিত্রে এক ভিন্নরূপে হাজির হচ্ছেন। ইতোমধ্যেই পোস্টার ও প্রচারণায় তার লুক দর্শকদের মাঝে ব্যাপক কৌতূহল সৃষ্টি করেছে। রিয়েল এনার্জী প্রোডাকশনের ব্যানারে সিনেমাটি প্রযোজনা করেছেন আজিম হারুন ও শাহরীন আক্তার সুমি।

নির্মাতা হৃদয় জানান, ‘রাক্ষস’ শুধুমাত্র একটি অ্যাকশন সিনেমা নয়, বরং মানুষের অন্তর্গত অন্ধকার দিক ও প্রতিশোধের গল্পকে নতুনভাবে তুলে ধরবে। দর্শকদের জন্য থাকছে চমকপ্রদ ভিজ্যুয়াল, তীব্র নাটকীয়তা এবং এক ভিন্নধর্মী সিনেম্যাটিক অভিজ্ঞতা।

যুক্তরাষ্ট্রের বিভিন্ন অঙ্গরাজ্যের প্রধান প্রধান এএমসি সিনেমা হলগুলোতে মুক্তি পেয়েছে ‘রাক্ষস’। উল্লেখযোগ্য কয়েকটি থিয়েটার হলো- কলোরাডো: এএমসি হাইল্যান্ডস র‍্যাঞ্চ ২৪ এবং এএমসি ফোর্ট কলিন্স ১০; ফ্লোরিডা: এএমসি অ্যাভেন্টুরা মল ২৪ এবং এএমসি সানসেট প্লেস ২৪; নিউ জার্সি: এএমসি জার্সি গার্ডেনস ২০, এএমসি ব্রান্সউইক স্কয়ার ১৩ এবং এএমসি চেরি হিল ২৪; পেনসিলভেনিয়া: এএমসি নেশামিনি ২৪ (এখানে ২২ এপ্রিল থেকে প্রদর্শিত হবে); ম্যাসাচুসেটস: এএমসি বার্লিংটন ১০; মিশিগান: এএমসি ফোরাম ৩০; ওহাইও: এএমসি ইস্টন টাউন সেন্টার ৩০; নর্থ ক্যারোলিনা: এএমসি ক্লাসিক জ্যাকসনভিল ১৬; ওকলাহোমা: এএমসি পেন স্কয়ার মল ১০।

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪