কুষ্টিয়া প্রতিনিধি: কুষ্টিয়ার মিরপুরে শিশুদের খেলাধুলাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনায় এক অভিভাবক গুরুতর আহত হয়। এ ঘটনায় পুলিশ অভিযান চালিয়ে ২১ জনকে আটক করেছে।
শুক্রবার (১৭ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার আমলা ইউনিয়নের বুড়ামারা গ্রামে এ অভিযান চালানো হয়। আটক ব্যক্তিরা জামায়াতে ইসলামীর কর্মী-সমর্থক বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
এদিকে আটকদের মধ্যে কয়েকজন অভিযোগ করে বলেছেন নামাজের সময় তাদের আটক করা হয়েছে এবং তারা এই ঘটনার সঙ্গে জড়িত নন।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়,গত বৃহস্পতিবার বুড়ামারা গ্রামে দুই শিশুর মধ্যে খেলাধুলা নিয়ে মারামারি হয়। পরে বিষয়টি নিয়ে এক শিশুর অভিভাবক অপর পক্ষের কাছে জানতে গেলে দুজনরর মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়। এক পর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয় এবং প্রতিপক্ষের হামলায় ওই অভিভাবক গুরুতর আহত হন।
আহত ব্যক্তিকে প্রথমে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে তাকে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।
মিরপুর থানার ওসি শহিদুল ইসলাম জানান, শিশুদের মারামারিকে কেন্দ্র করে বড়দের মধ্যে বিরোধ সৃষ্টি হয় এবং গ্রামে দুই পক্ষ গড়ে ওঠে। সংঘর্ষে একজন গুরুতর আহত হন। এ ঘটনায় এক পক্ষ মামলা দায়ের করেছে, আর সেই মামলার ভিত্তিতেই ২১ জনকে আটক করা হয়েছে। যাচাই-বাছাই শেষে তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
নামাজের সময় আটক করার অভিযোগের বিষয়ে ওসি বলেন, বিষয়টি সঠিক নয়।
রিপোর্টার্স২৪/ঝুম