ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহ শহরের পোস্ট অফিস মোড় এলাকায় একটি নির্মাণাধীন ভবনে কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে তৈয়ব আলী নামের এক রংমিস্ত্রির মর্মান্তিক মৃত্যু হয়েছে।
নিহত তৈয়ব আলী (৪০)ঝিনাইদহ সদরের মহারাজপুর ইউনিয়নের আন্দলবাড়িয়া গ্রামের বাসিন্দা। তিনি পেশায় একজন রংমিস্ত্রি ছিলেন।
প্রতিদিনের মতোই জীবিকার তাগিদে সকালে বাড়ি থেকে বের হয়ে ঝিনাইদহ শহরের পোস্ট অফিস মোড় ঝিনাইদহ বিল্ডিং এর উপরে রঙের কাজ করতে যান।
স্থানীয়রা জানায়, মৃত তৈয়ব আলী এবং তার সহকারী কাজ শেষে ভবনের ওপর থেকে নিচে নামার প্রস্তুতি নিচ্ছিলেন। ভবনের সঙ্গে ঝুলে থাকা দঁড়ি ব্যবহার করে নিচে নামার সময় হঠাৎ অসাবধানতাবশত পা পিছলে যায় তার। সেই সময় ভবনের পাশ দিয়ে যাওয়া বিদ্যুৎ লাইনের তারের সঙ্গে তার শরীর স্পর্শ করে। এতে তিনি সঙ্গে সঙ্গে বিদ্যুৎস্পৃষ্ট হন।
বিদ্যুৎস্পৃষ্ট হওয়ার পর তিনি কিছু সময় ঝুলন্ত অবস্থায় ছিলেন এবং পরে নিচে পড়ে যান। ঘটনাস্থলে উপস্থিত লোকজন দ্রুত তাকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে আসেন।
ঝিনাইদহ সদর হসপিটালের কর্তব্যরত মেডিকেল অফিসার এস এম আশরাফুজ্জামান সজীব জানান, ওই ব্যক্তিকে আমরা মৃত অবস্থায় পেয়েছি।
এ ঘটনায় নিহত তৈয়ব আলীর গ্রামে শোকের ছায়া নেমে এসেছে।
রিপোর্টার্স২৪/মিতু