| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

সীমান্তে অবৈধ অনুপ্রবেশের অভিযোগে আটক

reporter
  • আপডেট টাইম: এপ্রিল ১৯, ২০২৬ ইং | ১৬:৫৮:১৪:অপরাহ্ন  |  ৩২৯ বার পঠিত
সীমান্তে অবৈধ অনুপ্রবেশের অভিযোগে আটক

ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী সীমান্তে পৃথক দুটি অভিযানে একজন মাদকসহ এবং অপরজন অবৈধভাবে সীমান্ত অতিক্রমের অভিযোগে আটক হয়েছেন। রোববার (১৯এপ্রিল) এসব অভিযান পরিচালনা করা হয় বলে জানা গেছে।

বিজিবি সূত্রে জানা যায়, শনিবার রাত আনুমানিক ১০টায় টহল ডিউটির সময় গোপন সংবাদের ভিত্তিতে বালিয়াডাঙ্গী উপজেলার বড়পলাশবাড়ী ইউনিয়নের ৪ নম্বর কলোনী এলাকার সীমান্তে অভিযান চালানো হয়। এ সময় সীমান্ত পিলার ৩৭৭/৪এস সংলগ্ন এলাকা দিয়ে ভারত থেকে বাংলাদেশে প্রবেশের চেষ্টা করলে চারজনকে চ্যালেঞ্জ করা হয়। এদের মধ্যে মো. শহিদুল ইসলাম (৪০) নামে একজনকে আটক করা হলেও অন্যরা পালিয়ে যায়।

আটক ব্যক্তির দেহ তল্লাশি করে ২৭টি ইয়াবা ট্যাবলেট ও একটি তার কাটার সরঞ্জাম উদ্ধার করা হয়। জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তি সীমান্ত পথে মাদক আনা-নেওয়ার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন বলে দাবি করা হয়েছে।

অন্যদিকে, একই দিন রাতে উপজেলার কোর্টপাড়া সীমান্ত এলাকায় আরেকটি অভিযান পরিচালনা করা হয়। এ সময় ভারত থেকে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশের সময় মো. আবুল কাসেম (৪৫) নামে একজনকে আটক করা হয়। তার সঙ্গে থাকা আরও কয়েকজন পালিয়ে যায়।

বিজিবি জানায়, আটক ব্যক্তির সঙ্গে একটি ব্যাটারিচালিত অটোভ্যান ও তিনটি বাইসাইকেল জব্দ করা হয়েছে, যার আনুমানিক মূল্য ১ লাখ ৫০০ টাকা। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি পাসপোর্ট বা বৈধ কাগজপত্র ছাড়াই সীমান্ত অতিক্রমের কথা স্বীকার করেছেন।

বালিয়াডাঙ্গী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বুলবুল ইসলাম বলেন, “বিজিবির মাধ্যমে আটক দুজনকে থানায় হস্তান্তর করা হয়েছে। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ও পাসপোর্ট আইনে পৃথক মামলা দায়েরের প্রস্তুতি চলছে। পলাতক আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।”

রিপোর্টার্স২৪/মিতু 

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪