ভোলা প্রতিনিধি: ভোলায় গভীর রাতে ঘরে ঢুকে নাসিমা বেগম (৪০) নামে এক প্রবাসীর স্ত্রীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ সময় ঘটনার দৃশ্য দেখে ফেলায় কুপিয়ে গুরুতর জখম করা হয় ঘরে থাকা ৮ বছরের শিশু আবিরকে।
এদিকে, নিজের ক্ষত-বিক্ষত শরীর নিয়ে মায়ের মরদেহের পাশে রাত কাটিয়েছে ওই শিশু। পরে ভোর হলে আবির ঘর থেকে বের হয়ে চিৎকার দিলে প্রতিবেশীরা ছুটে আসে এবং পুলিশকে খবর দেয়। এরপর তাকে হাসপাতালে নেয়া হয়। বর্তমানে সে ভোলা সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
শুক্রবার (১৭ এপ্রিল) দিবাগত রাতে সদর উপজেলার শিবপুর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের শরীফ সর্দ্দার বাড়িতে এ ঘটনা ঘটে। নিহত নাসিমা বেগম ওই বাড়ির দুবাই প্রবাসী আল-আমীন মিয়ার স্ত্রী। তাদের আবির নামের ৮ বছরের একটি ছেলে রয়েছে। নাসিমা বেগম ও তার ছেলে আবির ওই ঘরে একাই থাকতেন।
স্থানীয়রা জানায়, প্রতিদিনের মতো রাতের খাবার খেয়ে মাদরাসাপড়ুয়া ছেলে আবিরকে নিয়ে ঘুমিয়ে পড়েন গৃহবধূ নাসিমা বেগম। পরে রাতের আঁধারে দুর্বৃত্তরা ঘরে প্রবেশ করে তাকে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করে। ঘটনাটি দেখে ফেলায় ছেলে আবিরকেও কুপিয়ে আহত করে তারা। পরে ভোরে আবির ঘর থেকে বের হয়ে চিৎকার দিলে আশপাশের লোকজন ছুটে আসে এবং পুলিশকে খবর দেয়। এরপর তাকে হাসপাতালে নেয়া হয়।
আহত শিশু আবির জানায়, রাতে দুর্বৃত্তরা ঘরে ঢুকে তার মাকে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করে। সে চিৎকার করলে তাকেও আঘাত করা হয়। রক্তাক্ত অবস্থায় ঘরের দরজা বন্ধ করে সারারাত একাই সে মায়ের মরদেহের পাশে বসে ছিল।
এ ব্যাপারে সদর থানার ওসি মো. মনিরুল ইসলাম জানান, ঘটনায় জড়িত থাকার অভিযোগে মো. জিহাদ নামে এক যুবককে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। মামলা হলে তাকে গ্রেপ্তার দেখানো হবে।
রিপোর্টার্স২৪/ধ্রুব