| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

কিশোর গ্যাংয়ের তাণ্ডব: দোকানে হামলা-ভাঙচুর, লুটপাট

reporter
  • আপডেট টাইম: এপ্রিল ১৯, ২০২৬ ইং | ২০:০৩:২১:অপরাহ্ন  |  ২৯৯ বার পঠিত
কিশোর গ্যাংয়ের তাণ্ডব: দোকানে হামলা-ভাঙচুর, লুটপাট

গাজীপুর প্রতিনিধি: গাজীপুরের কোনাবাড়ী থানাধীন দেওয়ালিয়ারবাড়ী এলাকায় ভয়ংকর কিশোর গ্যাংয়ের সন্ত্রাসী হামলার ঘটনায় আতঙ্ক বিরাজ করছে। স্থানীয় এক ব্যবসায়ীর দোকানে হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুর, মারধর এবং নগদ টাকা লুটের অভিযোগ উঠেছে। এ ঘটনায় পুরো এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এবং সাধারণ মানুষের মাঝে উদ্বেগ ছড়িয়ে পড়েছে।

ভুক্তভোগী ও স্থানীয় সূত্রে জানা যায়, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে অভিযুক্ত জসিম, সাকিল, তাদের পিতা বাবুল, মনির (পিতা দুলাল), জিহাদ, ফরহাদ ও সাইফুলসহ একদল কিশোর লাঠি সোটা দিয়ে সংঘবদ্ধভাবে ব্যবসায়ীর দোকানে হামলা চালায়। তারা দোকানে প্রবেশ করেই ব্যবসায়ীকে লক্ষ্য করে অতর্কিত হামলা শুরু করে। এ সময় ব্যবসায়ীকে এলোপাতাড়ি কিল, ঘুষি ও লাথি মেরে আহত করে তারা। হামলাকারীরা ব্যবসায়ীর পরিবারের সদস্যদের ওপরও চড়াও হয়। তার স্ত্রী ও দুই ছেলেকে মারধর করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, হামলাকারীরা দোকানের বিভিন্ন মালামাল ভাঙচুর করে তাণ্ডব চালায়। তাক, কাচ, শোকেস ও অন্যান্য প্রয়োজনীয় সরঞ্জাম ভেঙে ফেলা হয়েছে। একপর্যায়ে তারা দোকানের ক্যাশবক্সে থাকা প্রায় ৯০ হাজার টাকা নিয়ে যায় বলে অভিযোগ উঠেছে। এছাড়া দোকানের আসবাবপত্র, মালামাল ও অন্যান্য জিনিসপত্র নষ্ট করে প্রায় ৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি করা হয়েছে বলে দাবি করেছেন ভুক্তভোগী ব্যবসায়ী।

এলাকাবাসী জানান, সম্প্রতি এলাকায় কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্য বেড়ে গেছে। ছোটখাটো বিষয়কে কেন্দ্র করে তারা সংঘবদ্ধ হয়ে হামলা, ভয়ভীতি প্রদর্শন ও সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে। এ ঘটনায় সাধারণ মানুষ চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন।

পরে স্থানীয় লোকজন ঘটনাস্থলে এসে আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করেন। আহতদের মধ্যে কয়েকজন এখনো চিকিৎসাধীন রয়েছেন।

ভুক্তভোগী ব্যবসায়ী বলেন, ‘আমি দীর্ঘদিন ধরে এখানে ব্যবসা করে আসছি। হঠাৎ করে তারা দোকানে হামলা চালিয়ে সবকিছু ভেঙে ফেলেছে, টাকা নিয়ে গেছে এবং আমার পরিবারকে মারধর করেছে। আমি এর সুষ্ঠু বিচার চাই।”

এ বিষয়ে কোনাবাড়ী থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে বলে জানা গেছে। এ বিষয়ে পুলিশ জানিয়েছে, ঘটনাটি গুরুত্ব সহকারে তদন্ত করা হচ্ছে এবং জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

এলাকাবাসীর দাবি, দ্রুত অভিযুক্তদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনা হোক, যাতে ভবিষ্যতে এ ধরনের ঘটনা আর না ঘটে।

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪