| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

যশোরে প্রধানমন্ত্রী তারেক রহমানের আগমন ঘিরে প্রস্তুতি, নিরাপত্তা জোরদার

reporter
  • আপডেট টাইম: এপ্রিল ২০, ২০২৬ ইং | ১২:৩০:৪৬:অপরাহ্ন  |  ২৬৩ বার পঠিত
যশোরে প্রধানমন্ত্রী তারেক রহমানের আগমন ঘিরে প্রস্তুতি, নিরাপত্তা জোরদার

বেনাপোল প্রতিনিধি: প্রধানমন্ত্রী তারেক রহমানের যশোর আগমন উপলক্ষে সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। নিরাপত্তার স্বার্থে ২ হাজার পুলিশ সদস্য দায়িত্ব পালন করবে, ৭১টি বডি-ওর্ন ক্যামেরা ব্যবহার করা হবে। র‌্যাবের ৬টি টিম দায়িত্ব পালন করবে। সেই সঙ্গে দুর্ঘটনা এড়াতে ফায়ার সার্ভিস প্রস্তুত রাখা হবে। নির্বিঘ্ন যাতায়াত নিশ্চিত করতে রাস্তার ধারের অবৈধ স্থাপনা ২২ এপ্রিলের মধ্যে উচ্ছেদ করা হবে।

জেলা প্রশাসনের উদ্যোগে রোববার সকালে কালেক্টরেট সভাকক্ষ অমিত্রাক্ষরে অনুষ্ঠিত জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভায় এ তথ্য জানানো হয়।

সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক মোহাম্মদ আশেক হাসান বলেন, রাস্তার ধারের স্থাপনা সরিয়ে নিতে মাইকিং করা হবে। মাইকিংয়ের পরও যদি স্থাপনা সরানো না হয়, তাহলে অর্থদণ্ড দেওয়া হবে। এই সুযোগে রাস্তা পরিষ্কার করা হবে। একই সঙ্গে গুরুত্বপূর্ণ সড়কে পরিবহন থামিয়ে রাখা নিষিদ্ধ করা হবে। এজন্য কার্যকর পদক্ষেপ নেওয়া হবে। অনুষ্ঠান সফলভাবে সম্পন্ন করতে জেনারেটরের ব্যবস্থাও রাখা হবে।

তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী সকাল সাড়ে ৯টায় ঢাকা থেকে বিমানে যশোর পৌঁছাবেন। বিমানবন্দর থেকে সরাসরি বাসযোগে শার্শার উলাশী খাল খনন এলাকায় যাবেন। নিরাপত্তা নিশ্চিতকরণে যশোর-বেনাপোল সড়কের যানজট নিরসনে ব্যবস্থা নেওয়া হবে।

উলাশী খাল পুনঃখনন প্রকল্প পরিদর্শন শেষে স্থানীয়দের সঙ্গে কুশল বিনিময় ও সংক্ষিপ্ত বক্তব্যের পর প্রধানমন্ত্রী খাল খনন কাজের উদ্বোধন করবেন।

এরপর তিনি যশোর মেডিকেল কলেজ হাসপাতালের ভবন উদ্বোধন করবেন। উদ্বোধনের সময় ১০ জন রেড কার্ডধারী উপস্থিত থাকবেন, যারা প্রধানমন্ত্রীর রিসেপশনে থাকবেন। অন্যরা প্যান্ডেলের মধ্যে অবস্থান করবেন।

উদ্বোধনের পর তিনি যশোরের প্রাচীন ইনস্টিটিউট পাবলিক লাইব্রেরি পরিদর্শন করবেন। বিকেলে শহরের ঈদগাহ ময়দানে যশোর জেলা বিএনপি আয়োজিত জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন। প্রধানমন্ত্রীর বিশ্রামের জন্য যশোর সার্কিট হাউস প্রস্তুত রাখা হচ্ছে।

পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম বলেন, তারেক রহমানের যশোর সফর উপলক্ষে নিরাপত্তার জন্য ২ হাজার পুলিশ সদস্য দায়িত্ব পালন করবেন। তার নিরাপত্তায় ৭১টি বডি-ওর্ন ক্যামেরা ব্যবহার করা হবে। ইতোমধ্যে সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে। বাইরে থেকে চেকিং মেশিন আনা হবে। সংশ্লিষ্ট সড়কের পাম্পগুলো বন্ধ রাখা হবে এবং ট্রাফিক পুলিশের কার্যক্রম জিরো টলারেন্স থাকবে।

র‌্যাবের উপসহকারী পরিচালক আহসান হাবীব জানান, প্রধানমন্ত্রীর নিরাপত্তায় ৬টি টিম কাজ করবে—এর মধ্যে ২টি টিম বহরে, ২টি টিম টহলে এবং ২টি টিম স্ট্যান্ডবাই থাকবে।

ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক আব্দুস সালাম বলেন, প্রধানমন্ত্রীর যশোর আগমন উপলক্ষে ফায়ার সার্ভিস প্রস্তুত রয়েছে। দুর্ঘটনা এড়াতে বিমানবন্দরে জরুরি টিম মোতায়েন থাকবে এবং বহরের সঙ্গেও ফায়ার সার্ভিসের টিম থাকবে। এজন্য খুলনা থেকে পানিবাহী যানসহ জনবল আনা হবে।

এলজিইডির নির্বাহী প্রকৌশলী আহমেদ মাহাবুবুর রহমান বলেন, বিমানবন্দর সড়কের ক্ষতিগ্রস্ত অংশ সংস্কার করা হয়েছে, শুধু মার্কিং বাকি রয়েছে। উলাশীগামী ১৪ কিলোমিটার সড়কের সংস্কার কাজ শেষ হয়েছে। ওয়াশরুমের কাজ দুই দিনের মধ্যে শেষ করা হবে এবং পানির পাম্প ও ট্যাংক স্থাপন করা হবে। গাড়ি পার্কিংয়ের স্থান আরসিসি ঢালাইয়ের মাধ্যমে ব্যবহারযোগ্য করা হবে।

সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী গোলাম কিবরিয়া বলেন, আরবপুর থেকে উলাশী পর্যন্ত রাস্তা সংস্কার করা হয়েছে। এখন শুধু রাস্তার ধারের অবৈধ দখল উচ্ছেদ করতে হবে।

গণপূর্তের নির্বাহী প্রকৌশলী জাহিদুল ইসলাম বলেন, ২৩ এপ্রিলের মধ্যে মেডিকেল কলেজের সব নির্মাণকাজ শেষ করা হবে।

মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. আহসান হাবীব বলেন, প্রধানমন্ত্রীর যশোর আগমন উপলক্ষে হাসপাতালের মেডিকেল টিম ও অ্যাম্বুলেন্স প্রস্তুত থাকবে।

রিপোর্টার্স২৪/এসএন

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪