নাটোর প্রতিনিধি: নাটোরের লালপুরে অবৈধভাবে মাটি খনন করার সময় জামায়াতের এক সদস্যকে ২ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। উক্ত অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আবীর হোসেন।
সোমবার (২০ এপ্রিল) রাত আনুমানিক ২টায় অবৈধ মাটি উত্তোলনের অভিযোগের প্রেক্ষিতে লালপুর উপজেলার মঞ্জিলপুকুর নামক স্থানে NAB ভাটার মালিকের জায়গায় অবৈধ মাটি কাটার বিরুদ্ধে অভিযান পরিচালনা করা হয়। এ সময় উক্ত স্থানে অবৈধ মাটি কাটার আলামত পাওয়া যায়। ঘটনাস্থলে অভিযুক্ত NAB ভাটার মালিকের ছোট ভাই, জামায়াতের কর্মী মো. আবাদান আলীর (৪১) বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এ সময় অভিযুক্ত ব্যক্তিকে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ অনুসারে দুই লক্ষ (২,০০,০০০) টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। সার্বিক অভিযানে সহযোগিতা করেন লালপুর থানা পুলিশের একটি চৌকস টিম।
স্থানীয় সূত্রে জানা যায়, NAB ভাটার মালিক মো. আজাদ হোসেন জামায়াতের একনিষ্ঠ কর্মী ও উপজেলা ঝিকঝাক ভাটা মালিক সমিতির সাধারণ সম্পাদক। তিনি প্রতিনিয়ত রাতের অন্ধকারে তার ভাটার পাশে অবৈধভাবে মাটি খনন করতেন। স্থানীয়রা দেখতে পেয়ে প্রশাসনকে অভিযোগ দিলে প্রশাসন ভ্রাম্যমাণ আদালত বসিয়ে দুই লাখ টাকা জরিমানা করেন।
এ বিষয়ে লালপুর থানার ওসি শফিকুল ইসলাম বলেন, অবৈধ কোনো কার্যক্রম লালপুরে হতে দেওয়া হবে না। আমি যতদিন আছি অবৈধ মাটি খনন, ইমো হ্যাকিং, মাদক ব্যবসা—সবকিছুতে জিরো টলারেন্স। উপজেলা প্রশাসন বলেন, জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
রিপোর্টার্স২৪/এসএন