| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ভবন নির্মাণে চাঁদা না দেওয়ায় রড লুট, গ্যারেজ ভাঙচুর

reporter
  • আপডেট টাইম: এপ্রিল ২০, ২০২৬ ইং | ১৫:০১:৪৯:অপরাহ্ন  |  ৩২৫ বার পঠিত
ভবন নির্মাণে চাঁদা না দেওয়ায় রড লুট, গ্যারেজ ভাঙচুর

লক্ষ্মীপুর প্রতিনিধি: লক্ষ্মীপুরে ভবন নির্মাণে চাঁদা না দেওয়ায় এক ব্যবসায়ীর গ্যারেজে হামলা, ভাঙচুর ও নির্মাণাধীন ভবনের রড লুটের ঘটনা ঘটেছে। এ ঘটনায় ভুক্তভোগী রোটারিয়ান মো. সিদ্দিক বাদী হয়ে চন্দ্রগঞ্জ থানায় লিখিত এজাহার দায়ের করেছেন। এছাড়া একই ঘটনায় গ্যারেজ মালিকের গ্যারেজে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় আদালতে ৫ জনকে অভিযুক্ত করে মামলা দায়ের করেছেন।

ভুক্তভোগী সিদ্দিক সোমবার (২০ এপ্রিল) সকালে ঘটনার সুষ্ঠু বিচার চেয়ে সাংবাদিকদের মাধ্যমে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন। এর আগে শনিবার (১৮ এপ্রিল) গভীর রাতে সদর উপজেলার মান্দারী ইউনিয়নের দিঘুলি সড়ক সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। বাদী সিদ্দিক বিল্ডিং বিলাস এস এস মেটাল অ্যান্ড থাই অ্যালুমিনিয়ামের স্বত্বাধিকারী ও লক্ষ্মীপুর রোটারি ক্লাবের সদস্য।

এজাহার ও স্থানীয় সূত্রে জানা যায়, মো. সিদ্দিক কয়েক ধাপে মান্দারী-দিঘুলি সড়ক সংলগ্ন এলাকায় প্রায় ৮ শতাংশ জমি ক্রয় করেন। ওই জমিতে একটি গ্যারেজ ছিল এবং একই স্থানে নতুন করে ভবন নির্মাণের কাজ চলমান রয়েছে। কিন্তু দীর্ঘদিন ধরে প্রতিপক্ষের দাবি করা চাঁদা না দেওয়ায় রাতের আঁধারে তারা সেখানে হামলা ও ভাঙচুর চালায়। এ সময় হামলাকারীরা নির্মাণাধীন ভবনের রড লুট করে নিয়ে যায় এবং বিভিন্ন নির্মাণসামগ্রী পার্শ্ববর্তী খালে ফেলে দেয়। এছাড়া গ্যারেজে হামলা, ভাঙচুর ও লুটপাট চালানো হয়। এতে ভুক্তভোগীর উল্লেখযোগ্য পরিমাণ আর্থিক ক্ষতি হয়েছে এবং নির্মাণকাজ ব্যাহত হয়েছে।

এজাহারে নাছির উল্যা, লিটন ভূঁইয়া, ফয়সাল, আব্দুল লতিফসহ মোট ১০ জনের নাম উল্লেখ করা হয়েছে। মো. সিদ্দিক অভিযোগ করেন, অভিযুক্তরা পূর্বপরিকল্পিতভাবে এ হামলা চালিয়েছে এবং তাকে বিভিন্ন সময় হুমকি দিয়ে আসছিল। তিনি প্রশাসনের মাধ্যমে ঘটনার ন্যায়বিচার প্রার্থনা করেন।

তবে এ বিষয়ে অভিযুক্তদের বক্তব্য নেওয়া সম্ভব হয়নি। চন্দ্রগঞ্জ থানার ওসি মোরশেদ আলম বলেন, ইতোমধ্যে ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ। ঘটনাটি গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে।

রিপোর্টার্স২৪/এসএন

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪