দাগনভূঞা প্রতিনিধি: দাগনভূঞা উপজেলায় উৎসবমূখর পরিবেশে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন-২০২৬ এর কর্মসূচি শুরু হয়েছে। সোমবার (২০ এপ্রিল) সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রাঙ্গণে এ কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সানজিদা মাহবুব ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাহিদুল আলম।
এসময় সহকারী অধ্যাপক (কার্ডিওলজী) ডা. গোলাম সদরুদ্দিন শামীম, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ ইসমাইল,আবাসিক মেডিকেল অফিসার ডা. সুনন্দ সেন, মেডিকেল অফিসার (রোগ নিয়ন্ত্রণ) সাজিদ বিন হোসেন,সহকারী ডেন্টাল সার্জন ডাঃ শিহাব উদ্দীন মাহমুদ, থানার উপপরিদর্শক (এসআই) বলরাম চন্দ্র পাল ও সাংবাদিক আবদুল্লাহ আল মামুন প্রমুখ। এছাড়াও গণমাধ্যমকর্মী, স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক, স্বাস্থ্যকর্মীরা উপস্থিত ছিলেন।
স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে, উদ্বোধনের দিন ১ হাজার ৮৪২ জন শিশুকে হামের টিকা প্রদান করা হয়েছে। ৬ মাস থেকে ৫ বছর বয়সী শিশুদেরকে ২০ এপ্রিল থেকে ১০মে পর্যন্ত টানা ১১ কর্মদিবসের মধ্যে দাগনভূঞা উপজেলায় ২৬ হাজার ৭৫৭ জন শিশুকে হামের টিকা প্রদান করা হবে। এর মধ্যে ১ম ৮দিন উপজেলার ৮টি ইউনিয়নের ২৪ টি ওয়ার্ডের ১৯২টি কেন্দ্র হামের টিকা দেওয়া হবে এবং শেষের ৩ দিন শিক্ষা প্রতিষ্ঠানে এ টিকা প্রদান করা হবে। স্থায়ী ১টি কেন্দ্রসহ মোট ১৯৩ কেন্দ্রে একযোগে হামের টিকা প্রদান করা হবে। এছাড়া যে সকল শিশু এমআর বা হামের টিকা পেয়ে থাকলে অথবা হাম বা রুবেলা রোগে আক্রান্ত হয়ে থাকলেও ঐ বয়সের সকল শিশুকে ক্যাম্পেইনে এমআর টিকা দিতে হবে। তবে একটি শিশু টিকা প্রদানের ২৮ দিন পূর্ণ হলেই সেই শিশু টিকা নিতে পারবে।
স্বাস্থ্য কর্মকর্তা ডা. সানজিদা মাহবুব বলেন,সুস্থ ও সবল আগামী প্রজন্ম গড়তে হাম-রুবেলা টিকাদান অত্যন্ত জরুরি। কোনো শিশু যেন এই টিকাদান কর্মসূচি থেকে বাদ না পড়ে সেদিকে আমাদের সজাগ দৃষ্টি রাখতে হবে।
রিপোর্টার্স২৪/মিতু