স্টাফ রিপোর্টার: পরিচয় গোপন করে কুরিয়ার সার্ভিসে চালকের চাকরি নেওয়া এবং সুপরিকল্পিতভাবে গ্রাহকের প্রায় ৪ লাখ ৯০ হাজার টাকা আত্মসাত করার অভিযোগে রুবেল গাজী নামে এক প্রতারককে গ্রেপ্তার করেছে চট্টগ্রাম মহানগরীর কোতোয়ালী থানা পুলিশ।
গ্রেপ্তারকৃত রুবেল গাজী বরিশাল জেলার বাকেরগঞ্জ থানার লোচনাবাদ এলাকার মৃত মো. মালেক গাজীর ছেলে। তার মায়ের নাম আমেনা খাতুন।
মামলা ও পুলিশি তদন্ত সূত্রে জানা যায়, রুবেল গাজী অত্যন্ত সুকৌশলে তার আসল নাম-পরিচয় গোপন রেখে ‘ফারুক হোসেন’ সেজে এ.জে.আর পার্সেল এন্ড কুরিয়ার সার্ভিস লিঃ-এ চালক হিসেবে যোগ দেন। গত ২০২৪ সালের ২১ সেপ্টেম্বর তিনি গ্রাহকের নগদ ৪ লাখ ৯০ হাজার টাকা নিয়ে লাপাত্তা হয়ে যান।
ঘটনার পর কুরিয়ার সার্ভিসের হেড অফিসের এইচ আর প্রশাসন ম্যানেজার মাইনুল ইসলাম বাদী হয়ে থানায় মামলা দায়ের করলে তদন্তে নামে পুলিশ। তদন্তে বেরিয়ে আসে যে, চালক ফারুক হোসেন আসলে রুবেল গাজী, যিনি অর্থ আত্মসাতের উদ্দেশ্যেই ভুয়া পরিচয়ে চাকরিতে ঢুকেছিলেন।
কোতোয়ালী থানা পুলিশ জানায়, তথ্য প্রযুক্তির সহযোগিতায় অভিযান চালিয়ে আসামী মো. রুবেল গাজীকে (৩৭) রোববার (১৯ এপ্রিল) দুপুরে চট্টগ্রাম বন্দর থানার উত্তর ঘোষাইলডাঙ্গা ঠান্ডা মিয়া মসজিদ এলাকার একটি ভাড়া বাসা থেকে গ্রেপ্তার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে রুবেল স্বীকার করেন, তিনি পরিকল্পিতভাবেই ছদ্মনাম ব্যবহার করে চাকরিতে যোগ দিয়েছিলেন এবং টাকা নিয়ে পালিয়েছিলেন। পরে তাকে আদালতে তোলা হলে বিচারকের সামনেও ঘটনার সত্যতা স্বীকার করেন। পরে আদালত তার জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন। আত্মসাত করা টাকা উদ্ধার এবং এর সঙ্গে অন্য কেউ জড়িত কি না, তা খতিয়ে দেখতে পুলিশি তৎপরতা অব্যাহত রয়েছে।
রিপোর্টার্স২৪/ধ্রুব