নওগাঁ প্রতিনিধি: নওগাঁর নিয়ামতপুরের বাহাদুরপুরে ঘরে ঢুকে একই পরিবারের ৪ জনকে গলাকেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। বিষয়টি নিশ্চিত করেছেন নিয়ামতপুর থানার ওসি মাহবুবুর রহমান।
তিনি বলেন, মঙ্গলবার (২১ এপ্রিল) সকাল সাড়ে ৭টার দিকে ওই গ্রামের স্থানীয় এক ব্যক্তির কাছ থেকে শুনি বাহাদুরপুর গ্রামে একই পরিবারের ৪ জনকে গলাকেটে হত্যা করা হয়েছে। তবে কী কারণে তাদের হত্যা করা হয়েছে তা সকাল সাড়ে ৮টা পর্যন্ত জানা যায়নি।
নিহতরা হলেন— বাহাদুরপুর গ্রামের নমির উদ্দিনের ছেলে হাবিবুর রহমান (৩২), হাবিবুরের স্ত্রী পপি সুলতানা (২৫), ছেলে পারভেজ (৯) এবং ৩ বছরের মেয়ে সাদিয়া আক্তার।
এলাকাবাসীর সূত্রে জানা যায়, ফজরের নামাজের পর দরজা খোলা দেখে প্রতিবেশীরা ভেতরে ঢুকলে তাদের মরদেহ দেখতে পায়। পরে থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়। তবে জমিজমার বিরোধে এমন ঘটনা ঘটতে পারে।
নিহত পপি আক্তারের বাবা মোয়াজ্জেম হোসেন বলেন, আমার মেয়ে, জামাই, নাতি-নাতনিকে যারা হত্যা করেছে তাদের ফাঁসি চাই।
নিয়ামতপুর থানার ওসি মাহবুবুর রহমান বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে ৪ জনের মরদেহ পাওয়া যায়। বিষয়টি গুরুত্ব সহকারে তদন্ত করা হচ্ছে।
রিপোর্টার্স২৪/ধ্রুব