বেনাপোল প্রতিনিধি: যশোর পুলেরহাটস্থ আদ্-দ্বীন সকিনা উইমেন্স মেডিকেল কলেজে ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষে এমবিবিএস কোর্সে বিনাবেতনে ভর্তির সুযোগ পেয়েছেন অস্বচ্ছল পরিবারের চার মেধাবী ছাত্রী। মঙ্গলবার (২১ এপ্রিল) দুপুরে মেডিকেল কলেজের গভর্নিং বডির ২৪তম সভায় ১৬টি আবেদনপত্র যাচাই-বাছাই শেষে ভর্তিযোগ্য ছাত্রীর নামের তালিকা প্রকাশ করা হয়।
তারা হলেন—সাতক্ষীরা জেলার শ্যামনগর উপজেলার মাহবুব সানার মেয়ে তাজমিরা খাতুন, তালা উপজেলার শাহাদাত হোসেন জমাদ্দারের মেয়ে তাসনিম সুলতানা বৃষ্টি, খুলনা জেলার পাইকগাছা উপজেলার দেবাশীষ মণ্ডলের মেয়ে বৃষ্টি মণ্ডল এবং বাগেরহাট জেলার শরণখোলা উপজেলার আব্দুর রহমান খলিফার মেয়ে সুমাইয়া।
মেডিকেল ভর্তি পরীক্ষায় অংশ নিয়ে কৃতকার্য হয়েও সরকারি মেডিকেল কলেজে ভর্তির সুযোগ পাননি এই মেধাবীরা। বিকল্প বেসরকারি মেডিকেল কলেজে ভর্তির আর্থিক সামর্থ্যও ছিল না তাদের পরিবারের। তাই মেডিকেল কলেজটির ১৫তম ব্যাচে মেধাবী ও অস্বচ্ছল কোটায় টিউশন ফি এবং ভর্তি ফি ছাড়া ভর্তির সুযোগ পেয়ে তারা আবেগাপ্লুত হন এবং মহান সৃষ্টিকর্তা ও কলেজ কর্তৃপক্ষের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন।
সন্তানের ভর্তির সুযোগ পাওয়ায় খুশিতে কেঁদে ফেলেন অভিভাবকেরাও। অনুভূতি ব্যক্ত করতে গিয়ে তারা বলেন, সারাজীবনের স্বপ্ন চিকিৎসক হওয়ার সুযোগ পেয়েছে তাদের প্রিয় সন্তানরা।
গভর্নিং বডির সভায় সরকারের স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর, বিএমএন্ডডিসি এবং খুলনা মেডিকেল বিশ্ববিদ্যালয় কর্তৃক মনোনীত ১০ জন ছাত্রী ও তাদের অভিভাবকদের সাক্ষাৎকার গ্রহণ করা হয়। যাচাই-বাছাই শেষে চারজনকে নির্বাচিত করে তালিকা প্রকাশ করা হয়। এরপর তারা প্রয়োজনীয় কাগজপত্র জমা দিয়ে ভর্তি কার্যক্রম সম্পন্ন করেন।
মেডিকেল কলেজের কনফারেন্স কক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন আদ্-দ্বীন সকিনা উইমেন্স মেডিকেল কলেজের চেয়ারম্যান ও গভর্নিং বডির সভাপতি অধ্যাপক ডা. মুহাম্মদ আব্দুস সবুর।
উপস্থিত ছিলেন গভর্নিং বডির সদস্য ও যশোর মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. আবু হাসানাত মো. আহসান হাবীব, ডা. নাজমুন নাহার, রাহেলা রহমত উল্লাহ, অধ্যাপক ডা. নাহিদ ইয়াসমিন, ডা. আহমেদ ফেরদৌস জাহাঙ্গীর, ডা. সুস্মিতা নার্গিস এবং সদস্য সচিব ও আদ্-দ্বীন সকিনা উইমেন্স মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. সঞ্জয় সাহা।
রিপোর্টার্স২৪/এসএন