| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজের নাম পরিবর্তন

reporter
  • আপডেট টাইম: এপ্রিল ২২, ২০২৬ ইং | ১৬:০৫:১৮:অপরাহ্ন  |  ৭৩০ বার পঠিত
শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজের নাম পরিবর্তন

সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের শহীদ এম. মনসুর আলী মেডিকেল কলেজের নাম পরিবর্তন করে ‘সিরাজগঞ্জ মেডিকেল কলেজ’ করা হয়েছে। মুক্তিযুদ্ধকালীন মুজিব নগর সরকারের মন্ত্রী ও সাবেক প্রধানমন্ত্রী শহীদ ক্যাপ্টেন এম মনসুর আলীর নাম বাদ দেওয়ায় জেলাজুড়ে বইছে সমালোচনার ঝড়।

মঙ্গলবার (২১ এপ্রিল) স্বাস্থ্য মন্ত্রণালয়ের স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগ থেকে জারি করা এক প্রজ্ঞাপনে নাম পরিবর্তনের তথ্য নিশ্চিত করা হয়।

স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের সচিব কামরুজ্জামান চৌধুরীর স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়, দেশের একটি সরকারি মেডিকেল কলেজের নাম পরিবর্তন করে নতুনভাবে নামকরণ করা হয়েছে। জনস্বার্থে জারি করা এ সিদ্ধান্ত অবিলম্বে কার্যকর হবে বলেও এতে উল্লেখ করা হয়েছে।

সিরাজগঞ্জের এই মেডিকেল কলেজটি প্রতিষ্ঠাকাল থেকেই মহান মুক্তিযুদ্ধের সংগঠক, জাতীয় নেতা ও সাবেক প্রধানমন্ত্রী মুহাম্মদ মনসুর আলীর নামানুসারে ‘শহীদ এম. মনসুর আলী মেডিকেল কলেজ’ নামে পরিচিতি পায়।

২০১৫ সালে প্রায় ৮৮২ কোটি ৫০ লাখ টাকা ব্যয়ে ৩০ দশমিক ৯০ একর জমির ওপর সিরাজগঞ্জ শহরের পাশেই শিয়ালকোল এলাকায় ৫০০ শয্যার এই মেডিকেল কলেজ হাসপাতালের নির্মাণকাজ শুরু হয়েছিল। মেডিকেল কলেজ হাসপাতালটির নির্মানকাজ উদ্বোধন করেন তৎকালীন স্বাস্থ্য ও পরিবার কল্যান মন্ত্রী, ক্যাপ্টেন এম মনসুর আলীর সন্তান মোহাম্মদ নাসিম। এ সময় উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ-২ আসনের সাবেক সংসদ সদস্য অধ্যাপক ডা. মো. হাবিবে মিল্লাত মুন্না। 

বিএনপি সরকার গঠন করার দুমাস পরেই মেডিকেল কলেজ থেকে মুক্তিযুদ্ধের সংগঠক ও সাবেক প্রধানমন্ত্রীর নাম বাদ দেওয়ায় সিরাজগঞ্জ জেলাজুড়ে বইছে সমালোচনার ঝড়। সামাজিক যোগাযোগ মাধ্যমে এর তিব্র প্রতিক্রিয়া জানিয়েছেন নেটিজেনরা।

নাম পরিবর্তনের এই ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ (সিরাজগঞ্জ মেডিকেল কলেজ) এর ব্যাবস্থাপনা কমিটির সদ্য সাবেক সভাপতি, সিরাজগঞ্জ-১ (কাজিপুর-সদর একাংশ) আসনের সাবেক সংসদ সদস্য ও ক্যাপ্টেন এম মনসুর আলীর দৌহিত্র প্রকৌশলী তানভীর শাকিল জয়। নিজ ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি ক্ষোভ প্রকাশ করেন।

রিপোর্টার্স২৪/মিতু 

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪