| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

লালদিঘীতে ‘জব্বার চত্বর’ উদ্বোধন, শুরু হচ্ছে বলিখেলা

reporter
  • আপডেট টাইম: এপ্রিল ২৩, ২০২৬ ইং | ০০:৩৪:১০:পূর্বাহ্ন  |  ৮৪২৯৪৪ বার পঠিত
লালদিঘীতে ‘জব্বার চত্বর’ উদ্বোধন, শুরু হচ্ছে বলিখেলা

চট্টগ্রাম প্রতিনিধি: চট্টগ্রামের ঐতিহ্যবাহী লালদিঘী চত্বর-এ বলি খেলার প্রতিকৃতি সম্বলিত ম্যুরালের উদ্বোধন করেছেন চট্টগ্রাম সিটি করপোরেশন-এর মেয়র ডা. শাহাদাত হোসেন। একই সঙ্গে জব্বারের বলিখেলার প্রবর্তক আব্দুল জব্বার সওদাগরের নামানুসারে চত্বরটির নামকরণ করা হয়েছে ‘জব্বার চত্বর’।

বুধবার ২২ এপ্রিল দুপুরে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানের আগে সিটি করপোরেশন পাবলিক লাইব্রেরি মিলনায়তনে সংবাদ সম্মেলনে বলিখেলার ইতিহাস ও গুরুত্ব তুলে ধরেন আয়োজক কমিটির সাধারণ সম্পাদক ও আব্দুল জব্বারের নাতি শওকত আনোয়ার বাদল।

নবনির্মিত ম্যুরালে টেরাকোটার ত্রিভুজাকৃতির নকশায় এক পাশে বলি খেলার প্রতিকৃতি, অন্য পাশে হাতুড়ির প্রতীক দিয়ে ন্যায়বিচারের ধারণা এবং আরেক পাশে শেকল ভাঙার প্রতীক দিয়ে লালদিঘীর সংগ্রামী ইতিহাস তুলে ধরা হয়েছে।

মেয়র বলেন, দায়িত্ব নেওয়ার পর স্থানীয়দের অনুরোধে এই চত্বরের নামকরণ করা হয়েছে। তিনি বলেন, এই ম্যুরালের মাধ্যমে বলিখেলা, বীর চট্টগ্রামের ঐতিহ্য এবং ন্যায়বিচারের চেতনাকে একসঙ্গে উপস্থাপন করা হয়েছে। ভবিষ্যৎ প্রজন্মকে এই ইতিহাস জানানোই আমাদের লক্ষ্য।

সংবাদ সম্মেলনে জানানো হয়, শুক্রবার থেকে শুরু হচ্ছে ঐতিহ্যবাহী আব্দুল জব্বারের বলিখেলা ও বৈশাখী মেলা। শনিবার লালদিঘী মাঠে অনুষ্ঠিত হবে এর ১১৭তম আসর। উদ্বোধন করবেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের কমিশনার হাসান মো. শওকত আলী এবং পুরস্কার বিতরণ করবেন সিটি মেয়র।

এছাড়া চট্টগ্রাম-৯ আসনের সংসদ সদস্য আবু সুফিয়ান বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। এসএসসি পরীক্ষা কেন্দ্র কাছেই থাকায় মেলা রোববার ভোরের মধ্যে শেষ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

মেলা উপলক্ষে নিরাপত্তা জোরদার করা হয়েছে। পুলিশের ওয়াচ টাওয়ার, মেডিকেল টিম ও ফায়ার সার্ভিস প্রস্তুত রাখা হয়েছে।

উল্লেখ্য, ১৯০৯ সালে ব্রিটিশবিরোধী আন্দোলনে যুবকদের সংগঠিত করতে আব্দুল জব্বার সওদাগর এই বলিখেলার প্রচলন করেন। বাংলা পঞ্জিকা অনুযায়ী প্রতি বছর ১২ বৈশাখ লালদিঘী মাঠে অনুষ্ঠিত এই আয়োজন এখন চট্টগ্রামবাসীর অন্যতম প্রাণের উৎসবে পরিণত হয়েছে।

রিপোর্টার্স২৪/বাবি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪