| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

বরিশালে প্রেমিকের বাসা থেকে তরুণীর মরদেহ উদ্ধার

reporter
  • আপডেট টাইম: এপ্রিল ২৩, ২০২৬ ইং | ২০:১৪:২৭:অপরাহ্ন  |  ৬০১ বার পঠিত
বরিশালে প্রেমিকের বাসা থেকে তরুণীর মরদেহ উদ্ধার

বরিশাল প্রতিনিধি: বরিশালে প্রেমিকের বাসা থেকে এক তরুণীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় অভিযুক্ত প্রেমিক মইনুল ইসলাম হিমু পলাতক রয়েছেন। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সকালে বরিশাল নগরীর বগুড়া রোড মুন্সি গ্যারেজ অক্সফোর্ড মিশন প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন রাফি মঞ্জিলে এই ঘটনা ঘটে। পুলিশ এবং স্থানীয়দের ধারনা প্রেমিকাকে নিজের বাসায় ডেকে নিয়ে হত্যা করে পালিয়েছে প্রেমিক হিমু।

জানা গেছে, নিহত ওই তরুণীর নাম সানজিদা কবির আনিকা (১৯)। তিনি পটুয়াখালীর কলাপাড়া উপজেলার তেগাছিয়া গ্রামের মহাসিন কবির শাহিনের মেয়ে। নার্সিং কলেজ শিক্ষার্থী তিনি। অন্যদিকে অভিযুক্ত প্রেমিক মইনুল ইসলাম হিমু (৩০) ঝালকাঠি জেলা সদরের কাটপট্টি রোড এলাকার মিল্টন আকনের ছেলে।

প্রেমিক হিমুর মা ফাতেমা বেগম জানান, হিমু এবং আনিকার মধ্যে তিন বছর ধরে প্রেমের সম্পর্ক ছিল। তবে গোপনে অন্য ছেলের সঙ্গেও প্রেমের সম্পর্ক গড়ে তুলে আনিকা।

তিনি বলেন, বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সকালে আমি আমার মেয়ের বাসায় যাই। তখন আনিকা আমাদের বাসায় আসে। এরপর দুপুর ১টার দিকে বাসায় এসে দেখি দরজায় তালা দেওয়া। তালা খুলে ভেতরে ঢুকতেই দেখতে পাই বিছানার ওপর আনিকার নিথর দেহ পড়ে আছে। এরপর ছেলে হিমুকে একের পর এক ফোন করলেও তার মোবাইল নম্বর বন্ধ পাই।

আনিকার বড় বোন জানান, হিমু এবং আনিকার এই সম্পর্কে আমরা রাজি ছিলাম না। কারণ হিমু প্রেমের ফাঁদে ফেলে আনিকার সঙ্গে অবৈধ সম্পর্ক করতে চেয়েছিল। সকাল সাড়ে ৯টার দিকে সর্বশেষ আনিকার সঙ্গে আমার কথা হয়েছিল। পরে হিমুর বাসায় তার মৃত্যুর খবর পেয়ে ছুটে আসি।

তার দাবি, হিমু পূর্বেও তার প্রথম স্ত্রীকে হত্যা করেছে এবং একইভাবে আনিকাকেও হত্যা করা হয়েছে। তিনি ঘটনার সুষ্ঠু বিচার দাবি করেন।

বরিশাল কোতয়ালী মডেল থানার ওসি আল মামুন উল ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। প্রাথমিকভাবে শ্বাসরোধে হত্যার সন্দেহ করা হচ্ছে। ঘটনার পর থেকেই অভিযুক্ত পলাতক রয়েছে এবং তাকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।


রিপোর্টার্স২৪/এসএন

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪