| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

শিক্ষিকাকে জুতাপেটার ঘটনায় সেই বিএনপি নেতা বহিষ্কার

reporter
  • আপডেট টাইম: এপ্রিল ২৪, ২০২৬ ইং | ১২:৫৯:১৪:অপরাহ্ন  |  ২৮৫ বার পঠিত
শিক্ষিকাকে জুতাপেটার ঘটনায় সেই বিএনপি নেতা বহিষ্কার

রিপোর্টার্স২৪ ডেস্ক: রাজশাহীর দুর্গাপুরে একটি কলেজে ঢুকে ভাঙচুর ও এক শিক্ষিকার সঙ্গে অশোভন আচরণের অভিযোগে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে এক বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) নেতাকে।

শুক্রবার (২৪ এপ্রিল) বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে জয়নগর ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি আকবর আলীকে প্রাথমিক সদস্যপদসহ সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে।

ঘটনাটি ঘটে বৃহস্পতিবার (২৩ এপ্রিল) দুপুরে রাজশাহী জেলার দুর্গাপুর উপজেলার দাওকান্দি সরকারি বিশ্ববিদ্যালয় কলেজে। পরীক্ষাকেন্দ্র হওয়ায় সেখানে ১৪৪ ধারা জারি এবং পুলিশ মোতায়েন থাকলেও উত্তেজনার মধ্যে ভাঙচুর ও হামলার ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী শিক্ষক ও শিক্ষার্থীদের বরাতে জানা যায়, বিএনপির কয়েকজন নেতাকর্মী কলেজ অধ্যক্ষের কক্ষে গিয়ে বিভিন্ন বিষয়ে জবাবদিহি চান। একপর্যায়ে কথাকাটাকাটির জেরে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। এরপর প্রভাষক আলেয়া খাতুন হীরার ওপর হামলার অভিযোগ ওঠে এবং পরে অধ্যক্ষসহ কয়েকজন শিক্ষকও হামলার শিকার হন বলে দাবি করা হয়। অফিস কক্ষেও ভাঙচুর চালানো হয়।

এ ঘটনায় অধ্যক্ষ আব্দুর রাজ্জাক, প্রভাষক আলেয়া খাতুন হীরা এবং আরও কয়েকজন আহত হয়ে হাসপাতালে চিকিৎসা নেন বলে জানা গেছে।

অধ্যক্ষের অভিযোগ, দায়িত্ব গ্রহণের পর থেকেই বিভিন্ন পক্ষ তার কাছে চাঁদা দাবি করে আসছিল, যা প্রত্যাখ্যান করায় এই সংঘর্ষের সূত্রপাত হয়। অন্যদিকে অভিযুক্ত বিএনপি নেতা আকবর আলী দাবি করেন, তারা কলেজের অনিয়ম-দুর্নীতির তথ্য জানতে চেয়েছিলেন এবং তাদের ওপরই হামলা চালানো হয়েছে।

এদিকে দুর্গাপুর থানা পুলিশ জানিয়েছে, পরিস্থিতি নিয়ন্ত্রণে তারা আগে থেকেই সেখানে উপস্থিত ছিল। ঘটনার বিষয়ে লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানানো হয়েছে।


রিপোর্টার্স২৪/ফয়সাল

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪