| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

বাগেরহাটে গুদারা খালের অবৈধ বাঁধ অপসারণে উচ্ছ্বসিত স্থানীয়রা

reporter
  • আপডেট টাইম: এপ্রিল ২৪, ২০২৬ ইং | ১৫:৩২:০৫:অপরাহ্ন  |  ১৯৩ বার পঠিত
বাগেরহাটে গুদারা খালের অবৈধ বাঁধ অপসারণে উচ্ছ্বসিত স্থানীয়রা

বাগেরহাট প্রতিনিধি: বাগেরহাট সদর উপজেলার ষাটগম্বুজ ইউনিয়নের পশ্চিমডাঙ্গা এলাকায় অবস্থিত গুদারা খালের দীর্ঘদিনের অবৈধ বাঁধ অপসারণ করা হয়েছে। শুক্রবার (২৪ এপ্রিল) সকাল ১১টার দিকে স্থানীয় এলাকাবাসীর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে এ কার্যক্রম সম্পন্ন হয়। এতে প্রায় দুই শতাধিক মানুষ উপস্থিত ছিলেন।

স্থানীয়দের অভিযোগ, বহু বছর ধরে একটি প্রভাবশালী মহল খালটি দখল করে বাঁধ নির্মাণের মাধ্যমে মাছ চাষ চালিয়ে আসছিল। ফলে খালের স্বাভাবিক পানিপ্রবাহ বন্ধ হয়ে যায় এবং আশপাশের কৃষিজমিতে সেচ সংকট দেখা দেয়। এতে কৃষকরা চরম দুর্ভোগে পড়েন এবং ফসল উৎপাদন ব্যাহত হচ্ছিল।

এদিকে, সম্প্রতি গুদারা খালের প্রায় আড়াই কিলোমিটার পুনঃখনন কাজ শুরু হলেও দখলদাররা বাঁধ অপসারণে নানা প্রতিবন্ধকতা সৃষ্টি করে। এতে এলাকাবাসীর মধ্যে ক্ষোভ বাড়তে থাকে। পরে স্থানীয়দের জোরালো দাবির মুখে অবশেষে বাঁধটি অপসারণ করা হয়।

জানা যায়, খালটি দখলমুক্ত করতে এক্টিভিস্টা বাগেরহাট এবং রাইজিং স্টার ইয়ুথ গ্রুপের সদস্যরা দীর্ঘদিন ধরে কাজ করে আসছিলেন। তারা স্থানীয় প্রশাসনের সঙ্গে সমন্বয় করে সিগনেচার ক্যাম্পেইন, সচেতনতা কার্যক্রমসহ বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেন। তাদের ধারাবাহিক প্রচেষ্টার ফলেই খালটি পুনরুদ্ধার সম্ভব হয়েছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

বাঁধ অপসারণের ফলে খালের পানিপ্রবাহ স্বাভাবিক হবে এবং কৃষকরা আবারও স্বাচ্ছন্দ্যে জমিতে চাষাবাদ করতে পারবেন বলে আশা প্রকাশ করেছেন এলাকাবাসী। এতে পুরো এলাকায় স্বস্তি ও আনন্দের পরিবেশ বিরাজ করছে।

রাইজিং স্টার ইয়ুথ গ্রুপের উপদেষ্টা শেখ ইমরান বলেন, “ষাটগম্বুজ, কাড়াপাড়া এবং খানপুর ইউনিয়নের সকল সরকারি খাল দখলমুক্ত করার জন্য আমরা দীর্ঘদিন ধরে আন্দোলন করে আসছি। এই গুদারা খালটি আমাদের জীবিকার গুরুত্বপূর্ণ উৎস। এটি দখলমুক্ত হওয়ায় আমরা খুবই খুশি।” তিনি আরও বলেন, ভবিষ্যতে যেন কোনো ব্যক্তি বা গোষ্ঠী আবারও খাল দখল করতে না পারে, সেজন্য প্রশাসনের নজরদারি জোরদার করতে হবে।

এ সময় এলাকাবাসীর পাশাপাশি স্থানীয় জনপ্রতিনিধি ও সামাজিক সংগঠনের সদস্যরা উপস্থিত ছিলেন। স্থানীয়দের প্রত্যাশা, এ ধরনের উদ্যোগ অব্যাহত থাকলে এলাকার অন্যান্য খাল ও জলাধারও দখলমুক্ত করা সম্ভব হবে।


রিপোর্টার্স২৪/এসএন

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪