লক্ষ্মীপুর প্রতিনিধি: স্থানীয় সরকার নির্বাচন জাতীয় সংসদ নির্বাচনের তুলনায় আরও কঠিন চ্যালেঞ্জ বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি। তিনি বলেন, বিগত জাতীয় সংসদ নির্বাচন ছিল চ্যালেঞ্জিং, তবে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন হবে আরও কঠিন, কারণ এতে কোনো দলীয় প্রতীক থাকবে না।
তিনি আরও বলেন, দলের পক্ষে যারা চেয়ারম্যান পদে নির্বাচন করতে চান, তাদের অবশ্যই জনবান্ধব হতে হবে। জনগণের সঙ্গে সম্পৃক্ততা থাকতে হবে এবং সাধারণ মানুষের প্রয়োজনে কাজ করার মানসিকতা থাকতে হবে। যারা দীর্ঘদিন ধরে মানুষের পাশে থেকেছেন এবং খোঁজখবর রেখেছেন, তাদেরই প্রার্থী হিসেবে এগিয়ে আসা উচিত।
শুক্রবার (২৪ এপ্রিল) দুপুরে লক্ষ্মীপুর সদর উপজেলার হাজী ফতেহ মোহাম্মদিয়া দাখিল মাদ্রাসার বার্ষিক ক্রীড়া ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এর আগে মন্ত্রী দিঘলী ওয়াপদা খাল ভাঙন এলাকা পরিদর্শন করেন এবং সংশ্লিষ্টদের প্রয়োজনীয় নির্দেশনা দেন।
মন্ত্রী বলেন, এ দেশে নির্বাচিত প্রতিনিধি না থাকার কারণে গত ১৭ বছর ধরে তৃণমূল পর্যায়ে, গ্রামীণ এলাকায় নানাবিধ সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। বিএনপি নির্বাচিত হয়েছে মাত্র দুই মাস। দেশে স্থানীয় সরকার প্রতিনিধি খুব একটা নেই। চেয়ারম্যান-মেম্বার যারা আছেন, তাদের মধ্যে অনেকে পলাতক, আবার অনেকে দীর্ঘদিন ধরে কাজ করার সুযোগ পাচ্ছেন না। ডিপার্টমেন্টসহ সবাই মিলে তাদের সহযোগিতা করে এলাকার উন্নয়নে সজাগ ও সতর্ক থাকতে হবে।
এ সময় দলীয় নেতাকর্মীদের সতর্ক করে তিনি বলেন, স্থানীয় সরকার নির্বাচনে দল থেকে দুই-তিনজন করে প্রার্থী হয়ে গেলে কেউই নির্বাচিত হতে পারবেন না। সুতরাং সে বিষয়টি এখন থেকেই মাথায় রাখতে হবে। যে কোনো সময় ইউনিয়ন পরিষদ নির্বাচন চলে আসতে পারে। ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বা মেম্বার হওয়া একটি গুরুত্বপূর্ণ বিষয়—এটিকে হালকাভাবে দেখার সুযোগ নেই। কারণ এই নির্বাচনের সঙ্গে জনগণের ভাগ্য জড়িত। জনপ্রতিনিধি ভালো হলে সমাজব্যবস্থাও ভালো হবে, আর খারাপ হলে জনগণ ভোগান্তিতে পড়বে।
অত্র মাদ্রাসার সভাপতি গোলাম সারওয়ারের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিএনপি নেতা অ্যাডভোকেট হাফিজুর রহমান, বাফুফের সহ-সভাপতি ওয়াহিদ উদ্দীন চৌধুরী হ্যাপি, মন্ত্রীর একান্ত সচিব জামশেদ আলম রানা এবং সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ক্যাথোয়াইপ্রু মারমা।
রিপোর্টার্স২৪/এসএন