নেত্রকোণা প্রতিনিধি: নেত্রকোণার পূর্বধলা উপজেলায় (নেত্রকোণা-৫ আসন) জামায়াতের সংসদ সদস্য মাসুম মোস্তফার গাড়িতে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। শুক্রবার সন্ধ্যায় উপজেলার বিরিশিরি সড়কের পাশে আতকাপাড়া গিরিপথ ফিলিং স্টেশনে এ ঘটনা ঘটে।
স্থানীয় জামায়াত নেতাদের দাবি, সংসদ সদস্য তেল নিতে পেট্রোল পাম্পে গেলে বিএনপির কয়েকজন নেতাকর্মী অতর্কিতভাবে তার গাড়িতে হামলা চালায় এবং ভাঙচুর করে। তবে এ বিষয়ে সংসদ সদস্য মাসুম মোস্তফার সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হয়নি।
পূর্বধলা উপজেলার ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা তাসনীম জাহান জানান, ঘটনার সময় সংসদ সদস্য নিকটবর্তী একটি মসজিদে নামাজে ছিলেন। পরে পূর্বধলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দিদারুল ইসলামসহ পুলিশ সদস্যরা তাকে নিরাপত্তার সঙ্গে নিয়ে আসেন। বর্তমানে তিনি পূর্বধলা দলীয় কার্যালয়ে অবস্থান করছেন।
তিনি আরও বলেন, কারা এ হামলার সঙ্গে জড়িত তা খতিয়ে দেখা হচ্ছে। ঘটনার পর এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে।
এদিকে পূর্বধলা থানার ওসি ও নেত্রকোণার পুলিশ সুপারের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তারা ফোন রিসিভ করেননি।