রিপোর্টার্স ডেস্ক: সুদূর চীন থেকে প্রেমের টানে বাংলাদেশে ছুটে এসে এক বাঙালি তরুণীকে বিয়ে করেছেন চীনা যুবক। সামাজিক যোগাযোগমাধ্যমে পরিচয়ের সূত্র ধরে গড়ে ওঠা দেড় মাসের প্রেমের সম্পর্ক অবশেষে পরিণয়ে রূপ নিয়েছে।
শুক্রবার (২৪ এপ্রিল) রাতে রংপুরের মিঠাপুকুর উপজেলার ১০ নম্বর বালুয়া মাসিমপুর ইউনিয়নের হামিদপুর এলাকায় এ ঘটনা ঘটে।
বিদেশি নাগরিকের উপস্থিতির বিষয়টি গ্রামজুড়ে জানাজানি হলে চাঞ্চল্য বেড়ে যায়। বর্তমানে ওই চীনা যুবক প্রেমিকার বাড়িতেই অবস্থান করছেন। প্রেমিকা আনিকা আক্তার ওই এলাকার বাসিন্দা তৌহিদুল ইসলামের মেয়ে। চীনা প্রেমিকের নাম মা লিয়াংহুই।
পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা যায়, দেড় মাস আগে সামাজিক যোগাযোগ মাধ্যমে আনিকা আক্তারের সঙ্গে প্রথম পরিচয় হয় মা লিয়াংহুইয়ের। পরিচয়ের অল্প সময়ের মধ্যেই তাদের দুইজনের মধ্যে গভীর প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। সেই ভালোবাসার টানেই হাজার মাইল পাড়ি দিয়ে বাংলাদেশে ছুটে আসেন এই যুবক। গত বৃহস্পতিবার (২৩ এপ্রিল) থেকে ওই যুবক আনিকার গ্রামের বাড়িতে অবস্থান করছেন।
গত শুক্রবার (২৪ এপ্রিল) রাতে ভিনদেশি ওই যুবকের বিয়ের বিষয়টি জানাজানি হলে তাকে দেখতে আনিকাদের বাড়িতে ভিড় করছে আশেপাশের মানুষ। ঘটনাটি ওই এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে।
বিষয়টি নিশ্চিত করে বালুয়া মাসিমপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. শাহজাহান বলেন, একজন বিদেশি নাগরিক ওই এলাকায় অবস্থান করছেন বলে শুনেছি। আমি নিজে ঘটনাস্থলে যাচ্ছি। সেখানে পৌঁছে এ বিষয়ে বিস্তারিত তথ্য এবং তার আসার প্রকৃত উদ্দেশ্য জানতে পারবো।
রিপোর্টার্স২৪/মিতু