দাগনভূঞা প্রতিনিধি: দাগনভূঞা পৌর এলাকায় বর্জ্য ব্যবস্থাপনা কার্যক্রম সুষ্ঠুভাবে বাস্তবায়নের লক্ষ্যে অংশীজনের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকেলে উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার ও পৌরসভার প্রশাসক মোঃ শাহীদুল ইসলাম।
এসময় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সানজিদা মাহবুব, পৌরসভার নির্বাহী কর্মকর্তা মো. শাহাদাৎ হোসেন, সহকারী প্রকৌশলী জুনায়েদ কায়ছার সৌরভ, দাগনভূঞা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল মামুন, এইড বাংলাদেশের চেয়ারম্যান আনিসুজ্জামান, নির্বাহী পরিচালক সাহিদা হোসাইন সুইটি, সুপারভাইজার মোঃ রুবেল হোসেন, বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির সাবেক সাধারণ সম্পাদক জসিম উদ্দিন লিটন, ব্যবসায়ী নূর নবী দুলাল, নজির আহাম্মদ, মোঃ ইসমাইল, মিজানুর রহমান হিরো, বেলাল হোসেন ও দ্বীন মোহাম্মদ প্রমুখ। এছাড়াও গণমাধ্যমকর্মী, পৌরসভার সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারী এবং পৌর শহরের ব্যবসায়ীরাসহ গণ্যমান্য ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, পরিকল্পিত বর্জ্য ব্যবস্থাপনার মাধ্যমে শহরের পরিবেশ দূষণ কমানো সম্ভব। এ ক্ষেত্রে ব্যবসায়ী ও বাসা-বাড়ির মালিক, ভাড়াটিয়াসহ সবাইকে সচেতন হয়ে নির্ধারিত স্থানে বর্জ্য ফেলাসহ পৌরসভার নির্দেশনা মেনে চলার আহ্বান জানানো হয়।
সভায় শহর পরিচ্ছন্ন রাখতে নিয়মিত বর্জ্য অপসারণ ও ব্যবস্থাপনা জোরদারের বিষয়ে বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়। শহরকে পরিচ্ছন্ন ও বসবাসযোগ্য রাখতে সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করা হয়।
রিপোর্টার্স২৪/মিতু