কালাই (জয়পুরহাট) প্রতিনিধি: জয়পুরহাটের কালাইয়ে খ্রিস্টীয় উপাসনালয় গির্জার উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে এলাকাজুড়ে সৃষ্টি হয় উৎসবমুখর পরিবেশ। শনিবার (২৫ এপ্রিল) সকাল ১০ টায় উপজেলার হাটশিখা গ্রামে সাধ্বী মাদার তেরেসা নামে গির্জার উদ্বোধন অনুষ্ঠিত হয়।
গির্জা উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী ধর্ম প্রদেশের বিশপ জেভাস রোজারিও।
এছাড়াও উপস্থিত ছিলেন খঞ্জনপুর ধর্মপল্লীর পাল পুরোহিত ফাদার যোসেফ ফাম, হাটশিখা গ্রামের গ্রাম প্রধান সুভাষ মুরমু, কালাই থানা পুলিশের উপ-পরিদর্শক আমিনুর ইসলামসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, ধর্মীয় নেতৃবৃন্দ এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
অনুষ্ঠানে বিশেষ প্রার্থনা, ধর্মীয় আলোচনা এবং কৃতজ্ঞতা জ্ঞাপনের মধ্য দিয়ে গির্জাটির আনুষ্ঠানিক উদ্বোধন কার্যক্রম শুরু হয়।
বক্তারা বলেন, এই গির্জা নির্মাণের মাধ্যমে এলাকার খ্রিস্টান ধর্মাবলম্বীরা এখন থেকে আরও সুন্দরভাবে তাদের ধর্মীয় কার্যক্রম পরিচালনা করতে পারবেন। এটি পারস্পরিক সম্প্রীতি ও সহাবস্থানের এক উজ্জ্বল দৃষ্টান্ত হিসেবেও কাজ করবে।
স্থানীয় বাসিন্দারা জানান, দীর্ঘদিনের প্রত্যাশার পর গির্জাটি উদ্বোধন হওয়ায় তারা আনন্দিত। তারা আশা প্রকাশ করেন, এই উপাসনালয়কে কেন্দ্র করে এলাকায় ধর্মীয় ও সামাজিক বন্ধন আরও দৃঢ় হবে।
রিপোর্টার্স২৪/মিতু