ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি: ফরিদপুরের ভাঙ্গায় শেখ রাজু ইসলাম নামে এক শিক্ষা কর্মকর্তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (২৫ এপ্রিল) দুপুরে উপজেলার পৌর সদরের কোর্টপাড়া সংলগ্ন মাতৃকুঞ্জ ফ্ল্যাট বাসা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
রাজু ইসলাম পৌরসভার কোর্টপাড়ার অ্যাডভোকেট ইকরাম আলী ফকিরের ফ্ল্যাটে পরিবার-পরিজন নিয়ে ভাড়া বাসায় বসবাস করতেন।
পুলিশ ও পারিবারিক সূত্রে জানা গেছে, সহকারী শিক্ষা কর্মকর্তা রাজু ইসলামের গ্রামের বাড়ি সাতক্ষীরা জেলার কালীগঞ্জ উপজেলার মৌতলায়। ভাঙ্গায় স্ত্রীর চাকরির সুবাদে তিনি দীর্ঘদিন ধরে স্ত্রী-সন্তানদের নিয়ে কোর্টপাড়ার মাতৃকুঞ্জ ভাড়া বাসায় বসবাস করছিলেন। তিনি গোপালগঞ্জ সদরের সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা এবং তার স্ত্রী হ্যাপী আক্তার ভাঙ্গা পৌর এলাকার আতাদি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা।
শনিবার সকালে পারিবারিক কলহের পর শিক্ষিকা হ্যাপী আক্তার তার মা, সন্তান ও স্বামীকে বাসায় রেখে বিদ্যালয়ে চলে যান। দুপুরে তাদের শিশু কন্যা ঘরে প্রবেশ করে ফ্যানের হুকের সঙ্গে বাবাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে চিৎকার করে ওঠে। তার চিৎকার শুনে আত্মীয়-স্বজনরা ছুটে এসে ঝুলন্ত অবস্থায় তাকে দেখতে পান। পরে মরদেহ নিচে নামানো হয়।
খবর পেয়ে ভাঙ্গা থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করে থানায় নিয়ে আসে।
ভাঙ্গা থানার উপ-পরিদর্শক মো. হাবিব জানান, নিহতের পরিবারের সদস্য ও ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা সাপেক্ষে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
রিপোর্টার্স২৪/এসএন