| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ইভটিজিংয়ের প্রতিবাদ করায় কলেজ ছাত্রের ওপর হামলা

reporter
  • আপডেট টাইম: এপ্রিল ২৬, ২০২৬ ইং | ১৯:০৬:০৩:অপরাহ্ন  |  ১০৭৭ বার পঠিত
ইভটিজিংয়ের প্রতিবাদ করায় কলেজ ছাত্রের ওপর হামলা

ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহের শৈলকূপা উপজেলায় ইভটিজিংয়ের প্রতিবাদ করাকে কেন্দ্র করে এক কলেজ ছাত্রের ওপর হামলার ঘটনায় উত্তেজনা ছড়িয়ে পড়েছে। অভিযুক্তদের গ্রেপ্তারের দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা।

ভুক্তভোগী মোঃ রাশেদ (১৯) ভাটই বাজার সরকারি ডিগ্রি কলেজের এইচএসসি ২য় বর্ষের ছাত্র। তার পিতা মোঃ আমিরুল ইসলাম শৈলকূপা থানায় করা এজাহারে উল্লেখ করেন, গত ১৪ এপ্রিল ২০২৬ তারিখে পহেলা বৈশাখ উদযাপন অনুষ্ঠানে কলেজ মাঠে কয়েকজন যুবক ছাত্রীদের উত্যক্ত করছিল। এ সময় রাশেদ তাদের বাধা দিলে তারা ক্ষিপ্ত হয়ে তাকে দেখে নেওয়ার হুমকি দেয়।

পরদিন ১৫ এপ্রিল বিকেলে ঝিনাইদহ পুলিশ লাইনে কনস্টেবল নিয়োগ পরীক্ষায় অংশগ্রহণ শেষে বাড়ি ফেরার পথে হামলার শিকার হন রাশেদ। বিকেল সাড়ে পাঁচটার দিকে হামদহ এলাকায় একটি ফিলিং স্টেশনের সামনে পৌঁছালে পূর্বপরিকল্পিতভাবে মোটরসাইকেলে করে আসা একদল সন্ত্রাসী তাকে ঘিরে ধরে। এ সময় ধারালো অস্ত্র দিয়ে তার মাথা, কাঁধ ও শরীরের বিভিন্ন স্থানে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করা হয়। এছাড়া লোহার রড ও হাতুড়ি দিয়ে পিটিয়েও আহত করা হয়।

স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় রাশেদকে উদ্ধার করে প্রথমে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করেন। পরে অবস্থার অবনতি হলে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুর সঙ্গে লড়ছেন।

এ ঘটনায় অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে রবিবার সকাল সাড়ে ১০টার দিকে ভাটই বাজার সরকারি ডিগ্রি কলেজের শিক্ষার্থীরা ঝিনাইদহ-কুষ্টিয়া মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন। এতে সড়কের দু’পাশে যান চলাচল বন্ধ হয়ে যায় এবং সাধারণ যাত্রীরা ভোগান্তিতে পড়েন।

খবর পেয়ে স্থানীয় পুলিশ ফাঁড়ির ইনচার্জ ঘটনাস্থলে পৌঁছে শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেন এবং পরিস্থিতি শান্ত করে সড়কে যান চলাচল স্বাভাবিক করেন।

শিক্ষার্থীরা জানান, দ্রুত হামলাকারীদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত না করা হলে তারা আরও কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবেন। পুলিশ জানিয়েছে, অভিযোগটি তদন্ত করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

রিপোর্টার্স২৪/মিতু 

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪