| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ভারতে নির্বাচন উপলক্ষে স্থলবন্দর বন্ধ, পচনশীল পণ্য চলবে

reporter
  • আপডেট টাইম: এপ্রিল ২৬, ২০২৬ ইং | ২৩:২৭:২৮:অপরাহ্ন  |  ১৮২২ বার পঠিত
ভারতে নির্বাচন উপলক্ষে স্থলবন্দর বন্ধ, পচনশীল পণ্য চলবে

বেনাপোল প্রতিনিধি: ভারতের বিধানসভা নির্বাচন উপলক্ষে টানা তিন দিন বন্ধ থাকবে বেনাপোল স্থলবন্দর–পেট্রাপোল স্থলবন্দর দিয়ে দুই দেশের আমদানি-রপ্তানি কার্যক্রম। তবে পচনশীল পণ্য পরিবহন চালু থাকবে এবং সীমিত পরিসরে যাত্রী চলাচলের অনুমতি দেওয়া হয়েছে।

ভারতের উত্তর ২৪ পরগনা জেলার জেলা ম্যাজিস্ট্রেট ও জেলা নির্বাচন কর্মকর্তা শ্রীমতী শিল্পা গৌরীসারিয়া স্বাক্ষরিত এক পত্রে এ তথ্য জানানো হয়েছে।

পত্র অনুযায়ী, জেলার ৩৩টি বিধানসভা কেন্দ্রে ২৯ এপ্রিল সকাল ৭টা থেকে বিকেল সাড়ে ৫টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা ২০২৩-এর ১৬৩ ধারা অনুযায়ী ২৬ এপ্রিল সন্ধ্যা ৬টা থেকে ৩০ এপ্রিল ভোর ৬টা পর্যন্ত আন্তর্জাতিক স্থলসীমান্ত দিয়ে মানুষ ও যানবাহন চলাচল সীমিত করা হয়েছে।

বেনাপোল সিঅ্যান্ডএফ স্টাফ অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক সাজেদুর রহমান জানান, এই সময়ে পচনশীল পণ্য ছাড়া অন্য কোনো পণ্য আমদানি-রপ্তানি হবে না। বৃহস্পতিবার সকাল থেকে স্বাভাবিক কার্যক্রম পুনরায় শুরু হবে।

বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্ট ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা এম শাখাওয়াত হোসেন বলেন, নির্বাচনকে কেন্দ্র করে যাত্রী চলাচলও সীমিত করা হয়েছে। জরুরি চিকিৎসার প্রয়োজনে (মেডিকেল ভিসা) বাংলাদেশি পাসপোর্টধারীরা ভারতে যেতে পারবেন। পাশাপাশি, ভারতে ভোট দেওয়ার জন্য বাংলাদেশে অবস্থানরত ভারতীয় নাগরিকরা দেশে ফিরতে পারবেন। ৩০ এপ্রিল সকাল ৭টা থেকে স্বাভাবিক যাত্রী চলাচল পুনরায় শুরু হবে।

এদিকে বেনাপোল কাস্টমসের সহকারী কমিশনার রাহাত হোসেন জানান, আমদানি-রপ্তানি বন্ধ থাকলেও কাস্টমস হাউজ ও বন্দরের অভ্যন্তরীণ কার্যক্রম স্বাভাবিক থাকবে। ভারত থেকে কোনো পচনশীল পণ্য এলে তা দ্রুত খালাসের ব্যবস্থা নেওয়া হবে।

রিপোর্টার্স২৪/বাবি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪